৪ মে থেকে পর্দা উঠছে দেশের ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ ঘরোয়া আসর ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল)। তবে এবারের আসর শুধু মাঠের লড়াইয়ের জন্য নয়, বরং মাঠের বাইরের কঠোর সিদ্ধান্তের কারণেও আলোচনায়।
টুর্নামেন্টকে স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত রাখতে কঠোর নিয়ম আরোপ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন নিয়ম অনুযায়ী, ম্যাচ চলাকালীন ড্রেসিংরুমে কোনো ক্রিকেটার বা কর্মকর্তা মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। মাঠে প্রবেশের আগেই সবাইকে ফোন জমা দিতে হবে।
আজ শনিবার মিরপুরে বিসিবির অ্যাড-হক কমিটির প্রধান তামিম ইকবাল এই বিষয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন। তিনি বলেন, ‘ঢাকা লিগে এবার কেউ ড্রেসিংরুমে ফোন ব্যবহার করতে পারবে না। মাঠে ঢুকেই প্রত্যেককে ফোন জমা দিতে হবে।’ মূলত ম্যাচ ফিক্সিং বা অন্য কোনো অসাধু উপায়ের সুযোগ বন্ধ করতেই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত কয়েক বছরে ডিপিএলকে ঘিরে আম্পায়ারিং ও ম্যাচের ফলাফল নিয়ে নানা বিতর্ক তৈরি হয়েছিল। এতে ক্লাবগুলোর মধ্যে আস্থার সংকটও দেখা দেয়। সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতেই এবার কঠোর অবস্থানে বিসিবি।
তামিম ইকবাল বলেন, ‘দায়িত্ব নেওয়ার পর আমরা ক্লাবগুলোকে ডেকেছি এবং তাদের আশ্বস্ত করেছি যে অতীতে যা হয়েছে, তা আর হবে না। সবকিছু এবার ঠিকঠাকভাবে হবে। লিগ আয়োজনে তাদের সহযোগিতার জন্য প্রত্যেকটি ক্লাবকে ধন্যবাদ জানাই।’
তিনি আরও যোগ করেন, ‘বাংলাদেশের প্রত্যেকটা ক্রিকেটারের জন্য এটি আমাদের ইকো-সিস্টেমের অন্যতম গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট। কয়েক মাস ক্রিকেট বন্ধ থাকায় এটা আয়োজন করা চ্যালেঞ্জিং ছিল, তবে আমরা এবং বোর্ডের সদস্যরা একে মাঠে ফেরানোকেই প্রথম চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম।’
সিসিডিএম এবং বিসিবির তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ মৌসুমের এই ডিপিএল শুরু হবে ৪ মে এবং চলবে আগামী ১১ জুন পর্যন্ত।