মাঠের সেই গতি, গোলের ক্ষুধা আর ডিফেন্ডারদের ভয়ে কাঁপিয়ে দেওয়া এক নাম - গঞ্জালো হিগুয়েইন। কিন্তু এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ছবিতে তাকে দেখে অনেকেরই প্রশ্ন, এটা কি সত্যিই সেই হিগুয়েইন?
২০২২ সালে পেশাদার ফুটবলকে বিদায় জানানোর পর এই আর্জেন্টাইন স্ট্রাইকারকে খুব একটা জনসম্মুখে দেখা যায়নি। কিন্তু সম্প্রতি ভাইরাল হওয়া এক ছবিতে দেখা গেছে একেবারে ভিন্ন এক হিগুয়েইনকে। মুখভর্তি বড় দাড়ি, মাথার চুল অনেকটাই কমে গেছে। পরিচিত সেই ছিমছাম চেহারার সঙ্গে মিল খুঁজে পাওয়া কঠিন।
ছবিটি নিয়ে অনেকে বিভ্রান্ত হলেও, সেটি যে কোনো এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার তৈরি নয়; তা নিশ্চিত করেছেন ছবিটি পোস্ট করা ব্যক্তিই। তার ভাষায়, ‘এটি কোনো এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার তৈরি ছবি নয়। আমার এক ভাইয়ের সাথে কাল তার দেখা হয়েছিল। দেখে মনে হচ্ছে তিনি অনেক বিধ্বস্ত।’
এই নতুন রূপ দেখে ফুটবলপ্রেমীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। কেউ বলছেন, এটা স্বাভাবিক জীবনযাপনেরই অংশ। আবার অনেকে তার চেহারার পরিবর্তন দেখে উদ্বেগও প্রকাশ করেছেন। তাদের মতে, হিগুয়েইনকে দেখে মনে হচ্ছে তিনি মানসিকভাবে কিছুটা ভেঙে পড়েছেন।
তবে বিতর্ক থাকলেও ভালোবাসা কমেনি। অনেক ভক্তই লিখেছেন, চেহারা যেমনই হোক, মাঠে তার অবদান ভুলে যাওয়ার নয়। রিয়াল মাদ্রিদের হয়ে ১২১ গোল করা হোক কিংবা নাপোলিতে তার ঝড়; হিগুয়েইন সব জায়গাতেই ছিলেন গোলের প্রতীক। আর্জেন্টিনার হয়ে তিনটি বিশ্বকাপ খেলা এই স্ট্রাইকার শেষবার পেশাদার ফুটবলে খেলেছেন ইন্টার মায়ামির হয়ে।
আজ তিনি মাঠের বাইরে, নিজের মতো করে জীবন কাটাচ্ছেন। কিন্তু ভাইরাল হওয়া এই একটি ছবি আবারও তাকে এনে দিয়েছে ফুটবল দুনিয়ার আলোচনার কেন্দ্রবিন্দুতে।