ক্যারিয়ারের শেষ অধ্যায় যে আর খুব দূরে নয়, সেটা যেন নিজ মুখেই মনে করিয়ে দিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবু থামার কোনো ইঙ্গিত নেই তার মধ্যে; বরং প্রতিটি ম্যাচ এখন আরও বেশি উপভোগ করতে চান এই পর্তুগিজ মহাতারকা।
সৌদি প্রো লিগে আল-আহলির বিপক্ষে ২-০ গোলের জয়ের পর এক সাক্ষাৎকারে নিজের ভবিষ্যৎ নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি। ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ড বলেন, ‘আমার ক্যারিয়ারের শেষটা ঘনিয়ে আসছে… আসুন প্রতিটি ম্যাচ উপভোগ করি।’
তবে বয়স বাড়লেও প্রতিযোগিতার তীব্রতা কমেনি একটুও। রোনালদো যোগ করেন, ‘আমার ক্যারিয়ার দারুণ কেটেছে, আমি চাই সেটি এমনই থাকুক। আমি এখনো খেলাটা উপভোগ করছি, এখনো গোল করছি।’
ব্যক্তিগত অর্জনের চেয়ে দলীয় সাফল্যই এখন তার কাছে বেশি গুরুত্বপূর্ণ। আল নাসরের হয়ে লিগ জেতার স্বপ্ন দেখছেন তিনি। তার ভাষায়, ‘সবচেয়ে বড় বিষয় হলো জেতা। আমরা সত্যিই লিগ জিততে চাই।’
বর্তমানে পয়েন্ট টেবিলের শীর্ষেই রয়েছে আল নাসর। নিকটতম প্রতিদ্বন্দ্বী আল হিলালের চেয়ে তারা ৮ পয়েন্ট এগিয়ে, যদিও প্রতিপক্ষের একটি ম্যাচ কম খেলা আছে।
রোনালদো আরও জানান, তার খেলা কেবল বর্তমানের জন্য নয়; অতীত ও ভবিষ্যৎ প্রজন্মের জন্যও। তিনি বলেন, ‘আমি খেলি শুধু এই প্রজন্মের জন্য নয়, আগের ও আগামী প্রজন্মের জন্যও। প্রতিদিন, প্রতিটি ম্যাচ আমি উপভোগ করি। যদিও এখন ক্যারিয়ারের শেষটা কাছাকাছি।’
৪১ বছর বয়সেও গোলের ক্ষুধা, জয়ের তাড়না আর নিজেকে প্রমাণ করার ইচ্ছা; সবই আগের মতোই তীব্র রোনালদোর মধ্যে। সামনে ফিফা বিশ্বকাপ, সম্ভবত সেটাই হতে পারে শেষ বড় মঞ্চ। তবে শেষ বাঁশি বাজা পর্যন্ত তার উচ্চাকাঙ্ক্ষার কোনো কমতি নেই।