আগামী জুনের ফিফা উইন্ডোতে ইতিহাস গড়তে যাচ্ছে বাংলাদেশ ফুটবল দল। প্রথমবারের মতো ইউরোপের মাটিতে আন্তর্জাতিক ম্যাচ খেলবে হামজা চৌধুরী ও শমিত সোমরা। আগামী ৫ জুন ফিফা টায়ার-১ পর্যায়ের প্রীতি ম্যাচে সান মারিনোর মুখোমুখি হবে বাংলাদেশ।
তবে এখানেই শেষ নয়, শিগগিরই ইউরোপ সফরে আরও ম্যাচ খেলার সম্ভাবনা তৈরি হয়েছে বাংলাদেশের জন্য। নভেম্বর উইন্ডোতে আবারও ইউরোপিয়ান প্রতিপক্ষের মুখোমুখি হতে পারেন তারা। সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে উঠে এসেছে বাল্টিক রাষ্ট্র লিথুয়ানিয়ার নাম। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ফাহাদ করিম। তিনি জানিয়েছেন, নতুন কোচ নিয়োগের পর এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
ফাহাদ করিম আরও জানান, জুনে সান মারিনোর বিপক্ষে ম্যাচের সময় স্পেনের ক্লাব গ্রানাডাও বাংলাদেশের সঙ্গে একটি ম্যাচ খেলতে আগ্রহ প্রকাশ করেছে। পাশাপাশি হোম ও অ্যাওয়ে ভিত্তিতে সিরিজ খেলার প্রস্তাব দিয়েছে ফিলিপাইনও।
ইউরোপের মাটিতে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ সান মারিনো ফিফা র্যাঙ্কিংয়ের ২১১তম স্থানে থাকলেও তাদের প্রকৃত শক্তি পুরোপুরি প্রতিফলিত হয় না। কারণ তারা মূলত ইউরোপিয়ান শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে নিয়মিত খেলছে। সম্প্রতি উয়েফা নেশন্স লিগে লিখটেনস্টেইনকে হারিয়ে গ্রুপ ডি১ থেকে গ্রুপ সি-তে উন্নীত হয়েছে তারা, যা ছিল গত ২০ বছরে তাদের প্রথম জয়।
অন্যদিকে সম্ভাব্য পরবর্তী প্রতিপক্ষ লিথুয়ানিয়া তুলনামূলকভাবে শক্তিশালী দল। ফিফা র্যাঙ্কিংয়ে ১৪৮ নম্বরে থাকা এই দলটি নিয়মিত ইউরোপিয়ান প্রতিপক্ষের বিপক্ষে খেলে অভিজ্ঞতা অর্জন করছে।
সবমিলিয়ে বলা যায়, ইউরোপ সফর বাংলাদেশের ফুটবলের জন্য এক নতুন অধ্যায়ের শুরু হতে যাচ্ছে, যেখানে প্রতিপক্ষ, অভিজ্ঞতা এবং চ্যালেঞ্জ; সবই থাকবে ভিন্ন মাত্রার।