বাংলাদেশ ক্রিকেট বোর্ডে নতুন অধ্যায়ের পথচলা আরও এক ধাপ এগোচ্ছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড-এর আগের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার পর, গত মাসে সাবেক অধিনায়ক তামিম ইকবালের নেতৃত্বে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি দায়িত্ব নেয়। তাদের প্রধান লক্ষ্য, ৯০ দিনের মধ্যে নতুন নির্বাচন আয়োজন করা।
নির্বাচনকে সামনে রেখে আজ (বুধবার) দুপুর ২টায় বিসিবি কার্যালয়ে গুরুত্বপূর্ণ এক বোর্ড সভায় বসতে যাচ্ছে এই কমিটি। এর আগেই নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহের কথা জানিয়েছেন কমিটির সভাপতি তামিম। ফলে আজকের বৈঠকটি অনেক দিক থেকেই তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।
সভায় নির্বাচন আয়োজনের প্রক্রিয়া, সময়সূচি এবং কাঠামো নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে। একই সঙ্গে আজ থেকেই শুরু হচ্ছে কাউন্সিলর ফর্ম বিতরণ, যা চলবে ১০ তারিখ পর্যন্ত। নির্বাচনী প্রক্রিয়ার আনুষ্ঠানিক সূচনা হিসেবে এটিকে দেখা হচ্ছে।
এদিকে আলোচনায় আসতে পারে ২০২৫ সালের বাংলাদেশ প্রিমিয়ার লিগের ফিক্সিং সংক্রান্ত বিষয়ও। এই ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।
দায়িত্ব নেওয়ার পর এটি তামিমদের চতুর্থ বোর্ড সভা। তবে আগের বৈঠকগুলোর তুলনায় এবারের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে নির্বাচন। নতুন নেতৃত্ব গঠনের এই প্রক্রিয়া বাংলাদেশের ক্রিকেট প্রশাসনে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।