রিয়াল মাদ্রিদে এখন অস্থির সময়। আর সেই ঝড়ের কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে আছেন কিলিয়ান এমবাপ্পে। চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় আর লা লিগায় বার্সেলোনার চেয়ে পিছিয়ে থাকা; সবমিলিয়ে হতাশ সমর্থকরা এখন সরাসরি আঙুল তুলছেন এই তারকার দিকেই।
বিতর্কের সূচনা একটি ভাইরাল ছবি ঘিরে। চোটের কারণে মাঠের বাইরে থাকা এমবাপ্পেকে সেই সময়েই ছুটি কাটাতে দেখা যায়। ছবিটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই সমর্থকদের একাংশ ক্ষুব্ধ হয়ে ওঠে। অনেকের চোখে এটি দায়িত্বহীনতার প্রতীক হয়ে দাঁড়ায়।
এরপরই অনলাইনে শুরু হয় ‘এমবাপ্পে আউট’ নামে একটি পিটিশন। যদিও এটি ক্লাবের আনুষ্ঠানিক কোনো উদ্যোগ নয়, তবুও অল্প সময়ের মধ্যেই এতে ২০ লাখের বেশি সমর্থকের সই পড়ে। সংখ্যাটাই বলে দিচ্ছে, সমর্থকদের হতাশা কতটা গভীর।
এ ধরনের পিটিশন সাধারণত ক্লাবের সিদ্ধান্তে সরাসরি প্রভাব না ফেললেও, সমর্থকদের মানসিক অবস্থার স্পষ্ট বার্তা দেয়। এখন এমবাপ্পের প্রতিটি পদক্ষেপই কড়া নজরদারিতে; মাঠে হোক বা মাঠের বাইরে।
ক্লাবের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা পদক্ষেপের ইঙ্গিত মেলেনি। তবে সমর্থকদের বার্তা পরিষ্কার ধৈর্যের সীমা প্রায় শেষ।
মৌসুমের শেষভাগে এসে রিয়াল মাদ্রিদের ভাগ্য অনেকটাই নির্ধারিত। কিন্তু এই সময়েই এমবাপ্পের ভবিষ্যৎ নতুন করে আলোচনায় উঠে এসেছে। আগামী কয়েক দিনই হয়তো ঠিক করে দিতে পারে, এই সম্পর্ক কোন দিকে এগোবে।