দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে পাকিস্তান ক্রিকেট দল এখন ঢাকায় অবস্থান করছে। সিরিজ শুরুর আগে টানা দুই দিন ধরে প্রস্তুতি অনুশীলনে ব্যস্ত সময় পার করছেন বাবর আজম, শাহিন আফ্রিদি ও মোহাম্মদ রিজওয়ানরা। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে মিরপুরে ঘাম ঝরাচ্ছে পুরো দল।
আগামী ৮ মে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট, ভেন্যু শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। এরপর ১৬ মে থেকে দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
এই সিরিজ ঘিরে দর্শকদের জন্যও এসেছে দারুণ খবর।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে, দুটি টেস্টেই স্কুলশিক্ষার্থী ও বেসরকারি ক্রিকেট একাডেমির প্রশিক্ষণার্থীরা বিনামূল্যে গ্যালারিতে বসে খেলা দেখতে পারবেন। তবে এর জন্য শিক্ষার্থীদের নিজ নিজ প্রতিষ্ঠানের ইউনিফর্ম ও বৈধ পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। আর ১৫ বছরের কম বয়সী একাডেমি প্রশিক্ষণার্থীদের নিজ একাডেমির নির্ধারিত পোশাক পরে স্টেডিয়ামে প্রবেশ করতে হবে।
এদিকে প্রথম টেস্টের টিকিটের মূল্যও প্রকাশ করা হয়েছে। ইস্টার্ন গ্যালারির টিকিট ৫০ টাকা, ক্লাব হাউস ২০০ টাকা, ইন্টারন্যাশনাল গ্যালারি ৩০০ টাকা এবং গ্র্যান্ড স্ট্যান্ড ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। অনলাইনে টিকিট সংগ্রহ করা যাবে নির্ধারিত ওয়েবসাইটের (gobcbticket.com.bd) মাধ্যমে।