ফুটবল বিশ্বকাপ মানেই শুধু মাঠের লড়াই নয়, বিশ্বের সবচেয়ে বড় বিনোদনের মঞ্চও। ২০২৬ বিশ্বকাপকে আরও জমকালো করতে এবার একের পর এক বিশ্বখ্যাত তারকাকে নিয়ে বিশাল আয়োজন করছে ফিফা। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো; তিন আয়োজক দেশেই হবে আলাদা উদ্বোধনী অনুষ্ঠান। আর সেই মঞ্চ মাতাতে থাকছেন সংগীত দুনিয়ার জনপ্রিয় সব তারকা।
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হবে ঐতিহ্যবাহী অ্যাজটেকা স্টেডিয়ামে। ১১ জুন মেক্সিকোর মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। ম্যাচ শুরুর আগে দর্শকদের মাতিয়ে তুলবেন কলম্বিয়ার তারকা জে বলভিন, গ্র্যামিজয়ী মেক্সিকান রক ব্যান্ড মানা এবং জনপ্রিয় শিল্পী আলেজান্দ্রো ফের্নান্দেজ।
এ ছাড়া মেক্সিকোর লাতিনো পপ তারকা বেলিন্দা ও গায়ক-সুরকার লিলা ডাউন্সকেও অনুষ্ঠানে আনার চেষ্টা চলছে। একই মঞ্চে থাকবেন দক্ষিণ আফ্রিকার গায়ক-সুরকার টাইলা এবং জনপ্রিয় ব্যান্ড লস অ্যাঞ্জেলেস আজ়ুলেস।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, ‘পুরো বিশ্বের মানুষ যাতে দেখতে পারে সেই পরিকল্পনা আমাদের রয়েছে। মেক্সিকো সিটি দিয়ে শুরু হয়ে টরন্টো এবং লস অ্যাঞ্জেলেসেও তা ছড়িয়ে পড়বে। ফুটবল এবং সংস্কৃতির মেলবন্ধন দেখা যাবে।’
১২ জুন দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে কানাডা ও বসনিয়া ও হার্জেগোভিনা। সেই ম্যাচের উদ্বোধনী আয়োজনে থাকছেন আলানিস মোরিসেটে, মাইকেল বাবল, আলেসিয়া সারা, এলিয়ানা, জেসি রেয়েজ় এবং বলিউডে পরিচিত মুখ নোরা ফাতেহি।
একই দিনে যুক্তরাষ্ট্র খেলবে প্যারাগুয়ের বিপক্ষে। লস অ্যাঞ্জেলেসের সেই ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানও হতে যাচ্ছে তারকায় ভরা। সেখানে পারফর্ম করবেন পপ তারকা কেটি পেরি, র্যাপার ফিউচার, কে-পপ তারকা লিসা, ব্রাজ়িলের জনপ্রিয় শিল্পী আনিতা, রেমা এবং তাইলা।
বিশ্বকাপ শুরুর আগেই তাই ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়ছে উত্তেজনা। মাঠের লড়াইয়ের পাশাপাশি সংগীত আর সংস্কৃতির বিশাল উৎসবেও মেতে উঠতে যাচ্ছে পুরো বিশ্ব।