দুই গোলে পিছিয়ে থেকেও টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জয়ের মাধ্যমে বছরের পঞ্চম ট্রফি
তিন মাসের মধ্যে দ্বিতীয় শিরোপার খুব কাছে গিয়েও হতাশায় ভেঙে পড়ল টটেনহাম হটস্পার। চ্যাম্পিয়ন্স লিগ জয়ী প্যারিস সেন্ট জার্মেইকে হারিয়ে উয়েফা সুপার কাপ জেতার স্বপ্ন শেষ মুহূর্তে ভেঙে যায় তাদের। ইতালির উদিনেতে বুধবার রাতে নির্ধারিত সময় শেষে ২-২ সমতায় থাকা ম্যাচে টাইব্রেকারে ৪-৩ গোলে জয় পায় পিএসজি।
৮৪ মিনিট পর্যন্ত দুই গোলে পিছিয়ে থাকা পিএসজি শেষ মুহূর্তে দারুণ প্রত্যাবর্তন করে। বদলি খেলোয়াড় গনসালো রামোসের ৯৪ মিনিটের গোলে সমতা ফেরানোর আগে ৮৫ মিনিটে লি কাং ইন ব্যবধান কমান।
টাইব্রেকারে প্রথম প্রচেষ্টা ব্যর্থ হলেও গোলরক্ষক লুকাস শেভালিয়েরের দক্ষতায় ঘুরে দাঁড়ায় পিএসজি। জয়সূচক পেনাল্টি শটে বল জালে পাঠান নুনো মেন্দেস।
টটেনহামের হয়ে ৩৯ মিনিটে মিকি ফন ডার ভেন গোল করে এগিয়ে দেন দলকে। বিরতির আগে পেদ্রো পোরোর ফ্রি কিক থেকে ক্রিস্টিয়ান রোমেরোর হেডে ব্যবধান দ্বিগুণ হয়। কিন্তু শেষ মুহূর্তের দুই গোল ও টাইব্রেকারে ভুলে শেষ পর্যন্ত শিরোপা হাতছাড়া হয় স্পারদের।
এই জয়ে পিএসজি চ্যাম্পিয়ন্স লিগের পর প্রথমবারের মতো সুপার কাপ জিতলো। অভিজ্ঞ কোচ লুইস এনরিকের দল বছরের পঞ্চম ট্রফি ঘরে তুলল।