কিলিয়ান এমবাপ্পেকে ঘিরে রিয়াল মাদ্রিদের স্বপ্ন ছিল আকাশছোঁয়া। কিন্তু ফরাসি তারকা দলে যোগ দেওয়ার পর গত দুই মৌসুমে বড় কোনো শিরোপা জিততে পারেনি স্প্যানিশ জায়ান্টরা। মাঠের হতাশার সঙ্গে এবার যোগ হয়েছে ড্রেসিংরুমের অস্বস্তিও।
চোট কাটিয়ে ফিরেই নতুন বিতর্কের জন্ম দিলেন এমবাপ্পে। কোচ আলভারো আরবেলোয়ার সঙ্গে তার সম্পর্ক নিয়ে তৈরি হয়েছে আলোচনা। ওভিয়েদোর বিপক্ষে ২-০ গোলের জয়ে ৬৯ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন এমবাপ্পে। মাঠে নামতেই গ্যালারি থেকে দুয়ো শুনতে হয় তাকে। সমর্থকদের একাংশের অভিযোগ, ক্লাবের প্রতি তার নিবেদন যথেষ্ট নয়।
তবে ম্যাচের পর এমবাপ্পের মন্তব্যই পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে। তিনি বলেন, ‘আমি শুরু থেকে খেলতে শতভাগ প্রস্তুত ছিলাম। কিন্তু কোচ আমাকে জানিয়েছেন, তার কাছে আমি এখন দলের চতুর্থ পছন্দের স্ট্রাইকার। মাস্তানতুয়োনো, ভিনিসিয়ুস ও গঞ্জালোর পরে আমি। বিষয়টি আমি মেনে নিয়েছি। যতটুকু খেলার সময় পেয়েছি খেলেছি।’
এমবাপ্পের এমন বক্তব্যে বিস্ময় প্রকাশ করেছেন কোচ আরবেলোয়া। তার দাবি, ‘আমার তো চারজন ফরোয়ার্ডই নেই। এমবাপ্পেকে এমন কিছু কখনোই বলিনি আমি। হতে পারে সে আমার কথা ভুল বুঝেছে। কোনো অবস্থাতেই আমি তাকে চতুর্থ পছন্দের ফরোয়ার্ড বলতে পারি না।’