সিলেট টেস্টের তৃতীয় দিনে পাকিস্তানের বিপক্ষে ব্যাট হাতে দাপট দেখিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ১৬ হাজার রানের অনন্য কীর্তি গড়লেন মুশফিকুর রহিম। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে এই মাইলফলক স্পর্শ করলেন তিনি।
ইনিংসের ৭৩তম ওভারের তৃতীয় বলে ডাবল নিয়ে ১৬ হাজার রানের মাইলফলক ছুঁয়ে ফেলেন মুশফিক। আন্তর্জাতিক ক্রিকেটে এই উচ্চতায় পৌঁছানো বিশ্বের ৩৪তম ক্রিকেটার এখন তিনি।
শুধু তাই নয়, এই ইনিংসেই আরও একটি বড় রেকর্ড নিজের করে নিয়েছেন অভিজ্ঞ এই ব্যাটার। সেঞ্চুরি তুলে নিয়ে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ সেঞ্চুরির মালিক হয়েছেন মুশফিক। এতদিন ১৩ সেঞ্চুরি নিয়ে শীর্ষে ছিলেন মুমিনুল হক। এবার তাকে ছাড়িয়ে টেস্টে মুশফিকের সেঞ্চুরি সংখ্যা দাঁড়াল ১৪টিতে। প্রায় ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে তিন সংস্করণ মিলিয়ে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহকও এখন মুশফিক।
চাপের মুহূর্তে ব্যাটিংয়ে নেমেই ইনিংস গড়েন তিনি। দলীয় ১১০ রানে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ১৫ রান করে আউট হওয়ার পর লিটন দাসকে নিয়ে জুটি গড়েন মুশফিক। পঞ্চম উইকেটে দুজন মিলে যোগ করেন ১২৩ রান।
প্রথম ইনিংসে সেঞ্চুরি করা লিটন এবার ৯২ বলে ৬৯ রান করে ফিরলেও মুশফিক নিজের স্বভাবসুলভ ধৈর্য আর দৃঢ়তায় দলকে বড় লিডের পথে এগিয়ে নিচ্ছেন। সবমিলিয়ে সিলেট টেস্টের এই দিনটি হয়ে থাকল মুশফিকুর রহিমের ক্যারিয়ারের আরেকটি স্মরণীয় অধ্যায়।