২০২৬ ফিফা বিশ্বকাপ সামনে রেখে ২৭ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে পর্তুগাল। কোচ রবার্তো মার্তিনেজের ঘোষিত এই দলে জায়গা পেয়েছেন অভিজ্ঞ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ডের জন্য এটিই হতে যাচ্ছে রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ।
মঙ্গলবার ঘোষিত স্কোয়াডে আছেন চারজন গোলরক্ষক, নয়জন ডিফেন্ডার, ছয়জন মিডফিল্ডার ও আটজন ফরোয়ার্ড। তবে ফিফার নিয়ম অনুযায়ী, চূড়ান্ত স্কোয়াডে থাকতে পারবে সর্বোচ্চ ২৬ জন। ফলে এই দল থেকে অন্তত একজন ফুটবলার বাদ পড়বেন।
ক্যারিয়ারের শেষ সময়ে দাঁড়িয়ে রোনালদোর সামনে এবারও বড় লক্ষ্য বিশ্বকাপ শিরোপা। ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও জুভেনটাসের সাবেক এই তারকা এখনও আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা। পর্তুগালের হয়ে ২২৬ ম্যাচে করেছেন ১৪৩ গোল। এছাড়া বিশ্বকাপের পাঁচটি আসরেই গোল করার অনন্য কীর্তিও রয়েছে তার নামের পাশে।
তারকায় ভরা পর্তুগালের এই দলে আছেন পিএসজির ভিতিনিয়া, নুনো মেন্দেস, জোয়াও নেভেস ও গনসালো রামোস। এছাড়া ম্যানচেস্টার ইউনাইটেডের ব্রুনো ফার্নান্দেস ও দিয়োগো দালোত, ম্যানচেস্টার সিটির বার্নার্দো সিলভা ও রুবেন দিয়াস, আর এসি মিলানের রাফায়েল লেয়াওও জায়গা পেয়েছেন স্কোয়াডে।
আগামী ১১ জুন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে শুরু হবে বিশ্বকাপ। ‘কে’ গ্রুপে পর্তুগালের প্রতিপক্ষ কলম্বিয়া, উজবেকিস্তান ও ডিআর কঙ্গো। মূল টুর্নামেন্টের আগে প্রস্তুতি ম্যাচে চিলি ও নাইজেরিয়ার মুখোমুখি হবে মার্তিনেজের দল।
বিশ্বকাপের জন্য পর্তুগালের প্রাথমিক স্কোয়াড:
গোলরক্ষক: দিয়োগো কস্তা, জোসে সা, রুই সিলভা, রিকার্দো ভেলিয়ো
ডিফেন্ডার: দিয়োগো দালোত, মাথেউস নুনেস, নেলসন সেমেদো, জোয়াও কানসেলো, নুনো মেন্দেস, গনসালো ইনাসিও, রেনাতো ভেইগা, রুবেন দিয়াস, তমাস আরাউহো
মিডফিল্ডার: রুবেন নেভেস, স্যামুয়েল কস্তা, জোয়াও নেভেস, ভিতিনিয়া, ব্রুনো ফার্নান্দেস, বার্নার্দো সিলভা
ফরোয়ার্ড: জোয়াও ফেলিক্স, ফ্রান্সিসকো ত্রিনকাও, ফ্রান্সিসকো কনসেইসাও, পেদ্রো নেতো, রাফায়েল লেয়াও, গনসালো গেদেস, গনসালো রামোস ও ক্রিস্তিয়ানো রোনালদো।