বিশ্বকাপ ট্রফি জয়ের স্বপ্ন আগেই পূরণ করেছেন লিওনেল মেসি। কাতারে আর্জেন্টিনাকে বিশ্বচ্যাম্পিয়ন করে ক্যারিয়ারের সবচেয়ে বড় অপূর্ণতাও মুছে ফেলেছেন তিনি। তবে কিংবদন্তিদের পথচলা কখনো শুধু একটি ট্রফিতে থেমে থাকে না। এবার মেসির সামনে হাতছানি দিচ্ছে একের পর এক বিশ্বকাপ রেকর্ড।
আগামী ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন ইতিহাস গড়বেন মেসি। সেটি হবে তার ষষ্ঠ বিশ্বকাপ অংশগ্রহণ। বিশ্ব ফুটবলের ইতিহাসে এই কীর্তি সর্বোচ্চ। একই রেকর্ডে তার সঙ্গে নাম লেখাবেন পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো এবং মেক্সিকোর গোলরক্ষক গিয়ের্মো ওচোয়া।
তবে মেসির লক্ষ্য শুধু অংশগ্রহণের রেকর্ডে সীমাবদ্ধ নয়। তার সামনে রয়েছে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হওয়ার সুযোগও। বর্তমানে এই রেকর্ডের মালিক জার্মানির মিরোস্লাভ ক্লোজা, তার গোল ১৬টি। দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলের রোনালদো নাজারিও করেছেন ১৫ গোল।
বিশ্বকাপে এখন পর্যন্ত ১৩ গোল করেছেন মেসি। ফলে ক্লোজার রেকর্ড স্পর্শ করতে তার প্রয়োজন মাত্র তিন গোল। বর্তমান খেলোয়াড়দের মধ্যে এই রেকর্ড ভাঙার দৌড়ে এগিয়ে আছেন আর্জেন্টাইন মহাতারকাই। তবে এই লড়াইয়ে বড় প্রতিদ্বন্দ্বী হতে পারেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে। ইতোমধ্যেই বিশ্বকাপে ১২ গোল করে তিনি ছুঁয়ে ফেলেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের রেকর্ড।
শুধু গোল নয়, অ্যাসিস্টের রেকর্ডেও চোখ রাখতে পারেন মেসি। বিশ্বকাপে এখন পর্যন্ত তার নামের পাশে রয়েছে ৮টি অ্যাসিস্ট। পেলের ১০ অ্যাসিস্টের রেকর্ড টপকাতে প্রয়োজন আরও তিনটি।
বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড অবশ্য আগেই নিজের করে নিয়েছেন মেসি। গত আসরেই ২৬ ম্যাচ খেলে তিনি সবাইকে ছাড়িয়ে যান। এবার সেই সংখ্যা আরও বাড়ানোর সুযোগ রয়েছে। আর্জেন্টিনা যদি ফাইনাল পর্যন্ত পৌঁছে যায়, তাহলে বিশ্বকাপের মঞ্চে তিনটি ফাইনাল খেলার বিরল কীর্তিতেও নাম লেখাবেন তিনি।
বিশ্বকাপের আগে আর্জেন্টিনা শিবিরে স্বস্তির খবরও আছে। হালকা চোট নিয়ে দলে যোগ দিলেও মেসির প্রথম ম্যাচ খেলা নিয়ে কোনো শঙ্কা নেই। তবে হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে তাকে দেখা যাবে কি না, তা এখনো নিশ্চিত নয়।
এদিকে আঙুলের চোটে ভুগলেও গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ বিশ্বকাপের শুরু থেকেই খেলতে পারবেন বলে জানিয়েছেন। হাঁটুর চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন রক্ষণভাগের অন্যতম ভরসা ক্রিস্টিয়ান রোমেরো। ফলে বিশ্বকাপের আগে ধীরে ধীরে পূর্ণ শক্তির দল পাচ্ছেন কোচ লিওনেল স্কালোনি।
শিরোপা জয়ের পর এবার মেসির সামনে রেকর্ড ভাঙার মিশন। বিশ্বকাপের মঞ্চে আরেকবার আলো ছড়াতে প্রস্তুত আর্জেন্টাইন অধিনায়ক। এখন অপেক্ষা শুধু মাঠের লড়াইয়ের।