২০২২ সালে কাতারে বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা। এবার ২০২৬ সালেও তারা শিরোপা ধরে রাখতে চায়। তবে কাজটা মোটেই সহজ নয়। টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জেতার রেকর্ড শেষবার দেখা গেছে ৬৪ বছর আগে। ১৯৬২ সালের বিশ্বকাপে ব্রাজিল নিজেদের শিরোপা ধরে রেখেছিল। সেই ইতিহাস ছোঁয়ার সুযোগ এবার আর্জেন্টিনার সামনে। আর্জেন্টিনা গ্রুপ জে-তে আছে। এই গ্রুপ থেকে ফাইনাল পর্যন্ত তাদের পথ কেমন হবে, তা ফুটবল বিষয়ক ওয়েবসাইট অপটা জানিয়েছে। তাদের ফাইনালে পৌঁছানোর সম্ভাবনা অন্তত ১৮ শতাংশ।
গ্রুপ পর্বে আর্জেন্টিনার সঙ্গে আছে আলজেরিয়া, অস্ট্রিয়া এবং জর্ডান। এই ‘জে’ গ্রুপ থেকে আর্জেন্টিনার বের হয়ে আসা তুলনামূলকভাবে সহজ হতে পারে। অপটার সুপারকম্পিউটার বলছে, ১০ হাজার সিমুলেশনে ৯৬.৯% ক্ষেত্রে আর্জেন্টিনা শেষ ৩২-এ উঠেছে। শুধু স্পেন (৯৮.৬%) তাদের চেয়ে বেশিবার গ্রুপ পার হয়েছে।
গ্রুপ পার হলে আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষ হবে উরুগুয়ে। ম্যাচটি হবে ৩ জুলাই, মিয়ামি গার্ডেন্সে। গত ৯ ম্যাচে আর্জেন্টিনা উরুগুয়ের কাছে মাত্র একবার হেরেছে। এই ৯টিতে ৮টিতেই উরুগুয়ে গোল করতে পারেনি। ফলে আর্জেন্টিনার এই বাধা পার হওয়ার সম্ভাবনা ৬৩.২ শতাংশ।
বাধা পার হলে শেষ ১৬-তে আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষ তুরস্ক। দুই দলের আগে কখনো দেখা হয়নি। তবে আর্জেন্টিনার সম্ভাবনা ৪৫.৭ শতাংশ।
কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার সামনে আসতে পারে পর্তুগাল। এই ম্যাচ মানে বিশ্বকাপে প্রথমবার মেসি বনাম রোনালদোর লড়াই। ২০১১ সালে একটি ম্যাচে রোনালদো গোল করেছিলেন, কিন্তু মেসি ৮৯ মিনিটে পেনাল্টি করে আর্জেন্টিনাকে ২-১ জিতিয়েছিলেন। এবারও এমন লড়াই দেখা মিলার সম্ভাবনা ৩০.৬ শতাংশ।
সেমিফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ হতে পারে স্পেন। স্পেন এবার বিশ্বকাপের সবচেয়ে বড় ফেভারিট। অপটার হিসেবে স্পেন ১৬.৫% সিমুলেশনে বিশ্বকাপ জিতেছে, আর আর্জেন্টিনা ১০.৪%-এ। এর আগে আর্জেন্টিনা পাঁচটি সেমিফাইনাল খেলেছে এবং পাঁচটিতেই ফাইনালে উঠেছে। এবারও সেমিফাইনালে উঠার সম্ভাবনা ১৮.৩ শতাংশ।
ফাইনালে আর্জেন্টিনার সামনে আসতে পারে ফ্রান্স। এটি হবে ২০২২-এর ফাইনালের পুনরাবৃত্তি। এটি হলে ইতিহাসে দ্বিতীয়বার দুই দল পরপর দুটি বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হবে। আগেও আর্জেন্টিনা ১৯৮৬ ও ১৯৯০ বিশ্বকাপের ফাইনালে অংশ নিয়েছিল পশ্চিম জার্মানির বিপক্ষে।
ফাইনাল ম্যাচটি হবে ১৯ জুলাই, নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে। ফ্রান্সকে (১২.৮%) অপটা সামান্য এগিয়ে রাখলেও আর্জেন্টিনার সম্ভাবনা ১০.৪%। মেসি যদি জিতেন, তিনি হবেন বিশ্বকাপ ইতিহাসের প্রথম অধিনায়ক, যিনি টানা দুইবার ট্রফি তুলে ধরবেন।