বিশ্বকাপের মঞ্চে অভিষেকের অপেক্ষায় থাকা স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামাল এবার মাঠের বাইরের এক প্রতিশ্রুতি দিয়ে আলোচনায় এসেছেন। ১৮ বছর বয়সী এই বার্সেলোনা উইঙ্গার জানিয়েছেন, স্পেন যদি বিশ্বকাপ জিততে পারে, তাহলে তিনি তিন সপ্তাহ দাড়ি-গোঁফ কাটবেন না। শুধু তাই নয়, উদযাপনের অংশ হিসেবে ভক্তদের জন্য ১০০টি বিটস হেডফোন উপহার দেওয়ার ঘোষণাও দিয়েছেন তিনি।
নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে ইয়ামাল এই প্রতিশ্রুতির কথা জানান। প্রথম বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে তরুণ এই ফুটবলারের আত্মবিশ্বাসী ও প্রাণবন্ত বার্তা ভক্তদের মধ্যেও বাড়তি আগ্রহ তৈরি করেছে।
বড় আসরের চাপ নিয়েও কথা বলেছেন ইয়ামাল। ২০২৪ ইউরো জয়ের অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানান, টুর্নামেন্টের প্রথম ম্যাচে চাপ অনুভব করা স্বাভাবিক। তবে শুরুটা প্রত্যাশামতো না হলেও ধৈর্য ধরে এগিয়ে যেতে হয়। নিজের খেলায় মনোযোগ রাখাই বড় টুর্নামেন্টে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি।
ব্যালন ডি’অর প্রসঙ্গেও নিজের অনুভূতি প্রকাশ করেছেন ইয়ামাল। একসময় পুরস্কারটি জেতার আশা থাকলেও পরে তিনি বুঝেছেন, তখনও তিনি যথেষ্ট পরিণত ছিলেন না। তাই উসমান দেম্বেলের জয়কে ইতিবাচকভাবেই দেখছেন স্প্যানিশ এই তরুণ।
দেম্বেলের সঙ্গে নিজের সম্পর্কের কথাও বলেছেন ইয়ামাল। তাঁর মতে, ফরাসি এই তারকা কঠিন সময়ে তাকে মানসিক সমর্থন দিয়েছেন এবং নিয়মিত পরামর্শ দিয়ে পাশে থেকেছেন। ব্যক্তিগত ও পেশাদার উন্নতিতে দেম্বেলের ভূমিকা গুরুত্বপূর্ণ বলেও মনে করেন তিনি।
বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে সোমবার পেরুর মুখোমুখি হওয়ার কথা রয়েছে স্পেনের। এরপর মূল আসরে গ্রুপ এইচে উরুগুয়ে, সৌদি আরব ও কেপ ভার্দের বিপক্ষে খেলবে তারা। প্রথম বিশ্বকাপেই ইয়ামালের চোখ এখন বড় স্বপ্নে; স্পেনকে আবারও বিশ্বসেরা করার মিশনে।