যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় আয়োজিত এবারের বিশ্বকাপ শুরু হওয়ার আগেই নানা কারণে আলোচনায়। ভিসা জটিলতা, অতিরিক্ত গরমের পর এবার নতুন করে সামনে এসেছে সাপ আতঙ্ক। যুক্তরাষ্ট্রের সান দিয়েগোতে ক্যাম্প করা সুইজারল্যান্ড দল তাদের অনুশীলন ক্যাম্পের পাশেই বিষধর সাপের উপস্থিতি নিয়ে ফিফার কাছে অভিযোগ জানিয়েছে।
শীত প্রধান অঞ্চলের দেশ সুইজারল্যান্ডের ফুটবলাররা আগে থেকেই যুক্তরাষ্ট্রের গরমে অস্বস্তিতে ছিলেন। তবে এবার গরমের চেয়েও বেশি আতঙ্ক তৈরি করেছে সাপের খবর। সুইজারল্যান্ডের অফিশিয়াল ‘এক্স’ একাউন্টে প্রকাশিত ছবিতে গোলকিপারদের অনুশীলন জায়গা ও ব্যায়ামাগারের অবস্থান দেখানো হয়েছে। সেই ব্যায়ামাগারের পাশেই রয়েছে ড্রেসিং রুম।
সান দিয়েগো ন্যাচারাল হিস্টোরি মিউজিয়ামের তথ্য অনুযায়ী, ওই ট্রেনিং ক্যাম্পের পাশেই চার ধরনের বিষধর সাপের অবস্থান রয়েছে। সবগুলোই বিষধর র্যাটেল স্ন্যাক। এর মধ্যে সান দিয়েগোতে সবচেয়ে বেশি দেখা যায় ক্রোতালুস হেলারি প্রজাতির র্যাটেল স্ন্যাক। এই সাপ আতঙ্ক নিয়েই রোববার আনুষ্ঠানিকভাবে ফিফায় অভিযোগ জানিয়েছে সুইসরা।
তবে শুধু সুইজারল্যান্ড নয়, নরওয়ে দলও একই ধরনের শঙ্কার কথা জানিয়েছে। নর্থ ক্যারোলিনার গ্রেনসবোরোতে অবস্থিত গ্রান্ডওভার রিসোর্ট এন্ড স্পা-তে ক্যাম্প করা নরওয়ে ফুটবল দলও সাপের অস্তিত্ব নিয়ে অফিশিয়ালদের অবহিত করেছে। নরওয়ের মিডফিল্ডার ক্রিস্টিয়ান থরস্টভেট বলেন, ‘এমন খবর শুনে কেউ খুশি হতে পারে না।’
সব মিলিয়ে বিশ্বকাপ শুরুর আগেই মাঠের বাইরের নিরাপত্তা ও পরিবেশগত বিষয়গুলো বড় আলোচনায় উঠে এসেছে। গরমের সঙ্গে এবার সাপ আতঙ্কও যোগ হওয়ায় সুইজারল্যান্ড ও নরওয়ের প্রস্তুতিতে বাড়তি চাপ তৈরি হয়েছে।
গ্রুপ পর্বে সুইজারল্যান্ড খেলবে স্বাগতিক কানাডা, বসনিয়া ও কাতারের বিপক্ষে। অন্যদিকে নরওয়ের প্রতিপক্ষ ইরাক, সেনেগাল ও টুর্নামেন্টের হট ফেবারিট ফ্রান্স।