আর মাত্র ৩ দিন পর মাঠে গড়াবে বিশ্ব ক্রীড়াঙ্গনের সবচেয়ে জনপ্রিয় টুর্নামেন্ট, ফিফা বিশ্বকাপ। ফুটবল বিশ্বকাপের এবারের আসরের আয়োজনকারী দেশ হলো যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো।
বিশ্বকাপের এবারের আসরে মোট ৪৮টি দল ১০৪টি ম্যাচ খেলবে; যা বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচের রেকর্ড হবে। এই ৪৮ দলের আসর চলবে ৩৯ দিন। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন এবং রানার্সআপসহ প্রতিটি দলের জন্য রয়েছে প্রাইজমানির ব্যবস্থা।
বিশ্বকাপের এবারের আসরে মোট প্রাইজমানি ৮৭১ মিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮ হাজার ৩২১ কোটি টাকা। চ্যাম্পিয়ন দল পাবে ৫০ মিলিয়ন ডলার বা প্রায় ৬১৩ কোটি টাকা। গ্রুপ পর্ব থেকে চ্যাম্পিয়ন হওয়া পর্যন্ত সব পর্যায়ের দলের জন্যই প্রাইজমানি নির্ধারিত আছে।
রানার্সআপ দল পাবে ৩৩ মিলিয়ন ডলার। ৩য় ও ৪র্থ দল যথাক্রমে ২৯ ও ২৭ মিলিয়ন ডলার পাবে। এছাড়া যারা কোয়ার্টার ফাইনালে খেলে তারা পাবে ১৯ মিলিয়ন ডলার এবং রাউন্ড অফ সিক্সটিনের জন্য বরাদ্দ রয়েছে ১৫ মিলিয়ন ডলার করে।
রাউন্ড অফ ৩২-এ উঠলেও রয়েছে পুরস্কার; সেখানে প্রত্যেক দল পাবে ১১ মিলিয়ন ডলার। যারা গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়, তাদেরও খালি হাতে ফিরতে হবে না; তারা পাবে ৯ মিলিয়ন ডলার করে।