বিশ্বকাপের মহোৎসবে মাঠে নামার আগে শেষ প্রস্তুতি ম্যাচে জয় পেয়েছে পর্তুগাল। বুধবার (১০ জুনদিবাগত রাতে পর্তুগালের লেইরিয়া শহরের ড. মাগালহায়েস পেসোয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রীতি ম্যাচে নাইজেরিয়াকে ২-১ ব্যবধানে হারিয়েছে রবার্তো মার্টিনেজের দল।
স্কোরলাইন পর্তুগালের পক্ষে থাকলেও ম্যাচ শেষে আলোচনার বড় অংশ জুড়ে ছিলেন অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো। শুরুর একাদশে থাকা এই মহাতারকা পুরোটা সময় খেলেননি, গোলও পাননি। বিশ্বকাপের আগে তার এমন পারফরম্যান্স পর্তুগাল সমর্থকদের মনে নতুন করে দুশ্চিন্তা তৈরি করেছে।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে পর্তুগাল। ৮ মিনিটের মাথায় বড় সুযোগ পেয়েছিলেন রোনালদো। ট্রিনকাওয়ের পাস থেকে বক্সের ভেতর বল পেলেও তার শট লক্ষ্যভ্রষ্ট হয়। ২২ মিনিটে পেদ্রো নেতোর গোলে এগিয়ে যায় পর্তুগাল। বাঁ দিক থেকে দিয়েগো দালোটের দারুণ পাস নিয়ন্ত্রণে নিয়ে নাইজেরিয়ান গোলরক্ষককে পরাস্ত করেন চেলসির এই ফরোয়ার্ড।
৩৩ মিনিটে কর্নার থেকে রোনালদোর হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। তবে এরপরই ম্যাচে ফিরে আসে নাইজেরিয়া। গোলকিক থেকে আসা লম্বা পাস ধরে গনসালো ইনাসিও ও দালোটকে বোকা বানিয়ে দিওগো কোস্তার পায়ের নিচ দিয়ে বল জালে পাঠান নাইজেরিয়ান ফরোয়ার্ড আকোর আদামস। এতে সমতায় ফেরে নাইজেরিয়া।
দ্বিতীয়ার্ধে একাধিক পরিবর্তন আনে পর্তুগাল। বদলি হিসেবে নামা জোয়াও ফেলিক্সের একটি শট পোস্টে লেগে ফিরে আসে। ৬৪ মিনিটে গোলশূন্য থাকা রোনালদোকে তুলে নেন কোচ রবার্তো মার্টিনেজ। এরপর ম্যাচের ৭৪ মিনিটে আসে পর্তুগালের জয়সূচক গোল। ডান দিক থেকে বল নিয়ে নাইজেরিয়ান ডিফেন্ডারদের কাটিয়ে বক্সের ভেতর কোণাকুণি জোরালো শটে বল জালে পাঠান জুভেন্টাসের তরুণ উইঙ্গার ফ্রান্সিসকো কনসেইসাও।
জয় পেলেও পর্তুগালের আক্রমণভাগের ধীরগতি, সুযোগ নষ্ট এবং রোনালদোর ছন্দহীন পারফরম্যান্স নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করছেন ভক্তরা।
শেষ পর্যন্ত পর্তুগাল জয় নিয়েই মাঠ ছাড়ে। কিন্তু বিশ্বকাপের আগে এই জয় যতটা স্বস্তির, রোনালদোর ফর্ম আর দলের আক্রমণভাগের ছন্দহীনতা ততটাই ভাবনার। কারণ মহোৎসবের মঞ্চে শুধু জয় নয়, দরকার আত্মবিশ্বাস, ধার এবং বড় মুহূর্তে বড় তারকার জ্বলে ওঠা।