বাংলাদেশ ক্রিকেটে আবারও উঠে এলো ক্রিকেটারদের নিরাপত্তা ও মর্যাদা নিয়ে বড় প্রশ্ন। জাতীয় দলের স্পিনার নাঈম হাসানের ওপর চট্টগ্রামে ঘটে যাওয়া কথিত শারীরিক নির্যাতনের ঘটনায় এবার কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
শনিবার সকালে দেওয়া এক বিবৃতিতে বিসিবি জানায়, পুরো ঘটনাটিকে তারা গভীর উদ্বেগের সঙ্গে দেখছে এবং দ্রুত ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে। বোর্ডের ভাষায়, একজন জাতীয় ক্রিকেটারের সঙ্গে এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এটি অত্যন্ত দুঃখজনক।
বিসিবি আরও জানিয়েছে, ঘটনার পর থেকেই তারা নাঈম হাসান ও তার পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করছে। পাশাপাশি বিষয়টি চট্টগ্রামের সংশ্লিষ্ট প্রশাসন ও কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে দেখা হচ্ছে।
বোর্ডের পক্ষ থেকে আরও বলা হয়, ‘ক্রিকেটারদের কল্যাণ, মর্যাদা ও অধিকার রক্ষায় বিসিবি সর্বদা বদ্ধপরিকর’—এবং এই ঘটনার অগ্রগতি তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে।
ঘটনার বর্ণনায় জানা যায়, প্রিমিয়ার লিগ খেলে ঢাকা থেকে নিজ শহর চট্টগ্রামে ফেরার পর বিমানবন্দর থেকে সিএনজিতে করে বাসায় ফিরছিলেন নাঈম হাসান। পথে লালখান বাজার ফ্লাইওভারের মুখে তাকে গাড়ি থেকে নামিয়ে ডিবি পরিচয়ে একটি গাড়িতে তোলা হয় এবং সেখানে তার ওপর শারীরিক নির্যাতনের অভিযোগ ওঠে। এমনকি নিজের পরিচয় দেওয়ার পরও তিনি হেনস্তার শিকার হন বলে দাবি করা হয়েছে। এ ঘটনায় এখনো তদন্ত চলছে এবং পুরো বিষয়টি নিয়ে ক্রীড়াঙ্গনে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।