রেকর্ড, ট্রফি আর গোল; ক্রিস্টিয়ানো রোনালদোর ক্যারিয়ার যেন এই তিন শব্দেই আবদ্ধ। কিন্তু এত সাফল্যের মাঝেও বিশ্বকাপের নকআউট পর্বে একটি অপূর্ণতা এখনও তাড়া করে ফিরছে পর্তুগিজ এই মহাতারকাকে। আটটি নকআউট ম্যাচ খেলেও এখনো গোলের দেখা পাননি তিনি।
আগামিকাল শুক্রবার ভোর ৫টায় বিশ্বকাপের শেষ ৩২-এ ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে পর্তুগাল। দলের জয়ের পাশাপাশি ব্যক্তিগত সেই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটাতেও মাঠে নামবেন রোনালদো।
২০০৬ সালে বিশ্বকাপে অভিষেকের পর থেকে শেষ ১৬, কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল মিলিয়ে মোট ৮টি নকআউট ম্যাচ খেলেছেন রোনালদো। নেদারল্যান্ডস, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, স্পেন, উরুগুয়ে, সুইজারল্যান্ড ও মরক্কোর বিপক্ষে খেললেও কোনো ম্যাচেই গোল করতে পারেননি।
সব মিলিয়ে বিশ্বকাপের নকআউটে ৬৫০ মিনিটেরও বেশি সময় মাঠে থেকেও গোলহীন আছেন তিনি। অথচ ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ক্যারিয়ারে ৯৭৫ গোল করা এই ফরোয়ার্ডই বিশ্বের সর্বোচ্চ গোলদাতা।
এবারের বিশ্বকাপে রোনালদোর পারফরম্যান্সও ছিল ওঠানামার। ডিআর কঙ্গোর বিপক্ষে সমালোচিত হলেও উজবেকিস্তানের বিপক্ষে জোড়া গোল করে দারুণভাবে ঘুরে দাঁড়ান। ম্যাচ শেষে আত্মবিশ্বাসী কণ্ঠে বলেছিলেন, ‘আই অ্যাম ব্যাক! (আমি ফিরে এসেছি)।’ তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে আবারও গোলশূন্য ছিলেন তিনি।
বিশ্বকাপে রোনালদোর মোট গোল এখন ১০টি, আর সবগুলোই এসেছে গ্রুপ পর্বে। ছয়টি ভিন্ন বিশ্বকাপে গোল করা একমাত্র ফুটবলারও তিনি। তবে নকআউটে গোলের অপেক্ষা এখনো শেষ হয়নি।
ক্রোয়েশিয়ার বিপক্ষে সেই অপেক্ষার অবসান হবে, নাকি আরও দীর্ঘ হবে রোনালদোর নকআউট গোলখরা, সেটিই এখন বড় প্রশ্ন।