ক্রিস্টিয়ানো রোনালদো স্বীকার করে নিয়েছেন, তিনি আগের মতো খেলোয়াড় আর নেই। বয়স ৪১ হলেও এই পর্তুগিজ তারকা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সমালোচনার কাছে তিনি কখনোই হার মানেননি, মানবেনও না। আজ দিবাগত রাত ১টায় স্পেনের বিপক্ষে বিশ্বকাপের শেষ ষোলোতে নামার আগে রোনালদো নিজের ভবিষ্যৎ, বয়স এবং সমালোচনা নিয়ে খোলামেলা কথা বলেন। তার দাবি, গত ২৩ বছর ধরে অনেকে তাকে ‘শেষ’ করে দিতে চেয়েছে, কিন্তু কেউই সফল হয়নি।
এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত তিনটি গোল করেছেন আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা। উজবেকিস্তানের বিপক্ষে জোড়া গোল এবং ক্রোয়েশিয়ার বিপক্ষে একটি গোল করেন তিনি। সংবাদ সম্মেলনে অবসরের প্রশ্ন উঠতেই রোনালদো স্পষ্ট ভাষায় বলেন, সিদ্ধান্ত নেবেন তিনিই। তার ভাষায়, ‘আমি থামব যখন আমি চাই, আপনারা যখন চাইবেন তখন নয়। একই প্রশ্ন বারবার করা হয়। আমি এ বিষয়ে বাড়তি মনোযোগ দিতে চাই না।’
সবচেয়ে আলোচিত মন্তব্য আসে সমালোচকদের উদ্দেশে। রোনালদো বলেন, ‘১৮ বছর বয়স থেকে এমনটা দেখে আসছি। গত ২৩ বছর ধরে আপনারা আমাকে শেষ করতে চেয়েছেন। নিশ্চয়ই বুঝেছেন, এতে কোনো লাভ হয়নি। এটা সময়ের অপচয়। তবু আপনারা চেষ্টা করেই যাচ্ছেন। আমি এসবের সঙ্গে অভ্যস্ত।’
৪০ বছর পার হওয়ার পর সমালোচনা আরও বেড়েছে বলেও উল্লেখ করেন তিনি। তবে সেই সমালোচনাকেই নিজের জ্বালানি হিসেবে ব্যবহার করেন বলেই জানান রোনালদো। তিনি আরও বলেন, ‘বিশ্বকাপ জিতলেও আমি বেশি ক্রিশ্চিয়ানো রোনালদো হব না, হারলেও কম রোনালদো হব না।’
স্পেনের বিপক্ষে ম্যাচ প্রসঙ্গে তিনি স্বীকার করেন, প্রতিপক্ষ শক্তিশালী হলেও পর্তুগাল সাহস ও বিশ্বাস নিয়েই মাঠে নামবে। ডালাসে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচটি হতে পারে রোনালদোর ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ নকআউট পর্বের লড়াই। তবে আন্তর্জাতিক ফুটবল থেকে তার বিদায়ের নির্দিষ্ট সময় এখনো ঘোষণা হয়নি।