বিশ্বকাপে দুর্দান্ত গোলকিপিংয়ে প্রতিপক্ষের আক্রমণ একের পর এক রুখে দিয়ে আলোচনায় এসেছিলেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। এবার ফুটবল মাঠের সেই কীর্তি জায়গা করে নিল বিজ্ঞানের জগতেও। তার সম্মানে ক্যারিবীয় সাগরে আবিষ্কৃত নতুন একটি সামুদ্রিক প্রাণীর নাম রাখা হয়েছে ‘আলদিসা ভোজিনহা’।
ক্যারিবীয় সাগরে ছোট লাল রঙের এই ‘সী স্লাগ’ (এক ধরনের সামুদ্রিক শামুক) আবিষ্কার করেছেন স্প্যানিশ জীববিজ্ঞানী হেসুস ওর্তেয়া। ৪০ বছর বয়সী ভোজিনহার অসাধারণ পারফরম্যান্সকে সম্মান জানাতেই প্রাণীটির বৈজ্ঞানিক নাম রাখা হয়েছে ‘আলদিসা ভোজিনহা’।
বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ হিসেবে মূল পর্বে জায়গা করে নেয় কেপ ভার্দে। গ্রুপ পর্ব পেরিয়ে শেষ ৩২-এর লড়াইয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হয়েছিল আফ্রিকার দলটি। সেই ম্যাচে বিশ্বচ্যাম্পিয়নদের রীতিমতো চাপে ফেলে দেয় কেপ ভার্দে। শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ের নাটকীয় লড়াইয়ে ৩-২ গোলে হেরে বিদায় নিলেও নিজেদের সাহসী পারফরম্যান্স দিয়ে সবার মন জয় করে তারা।
এর আগেই ইতিহাস গড়ে কেপ ভার্দে। ইউরোপীয় চ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে গোলশূন্য ড্র করে বিশ্বকাপে নিজেদের প্রথম পয়েন্ট অর্জন করে দলটি। আর সেই ম্যাচেই একের পর এক নিশ্চিত গোলের সুযোগ নষ্ট করে দিয়ে রাতারাতি বিশ্ব ফুটবলের আলোচিত নাম হয়ে ওঠেন ভোজিনহা।
গবেষণা প্রতিবেদনে বিজ্ঞানী হেসুস ওর্তেয়া জানান, স্পেনের বিপক্ষে ভোজিনহার ‘অনবদ্য ভূমিকা’কে স্মরণীয় করে রাখতেই এই নামকরণের উদ্যোগ নেওয়া হয়েছে। মজার বিষয় হলো, স্পেন দলের ডাকনাম ‘লা রোহা’ বা ‘লাল দল’। ওর্তেয়া তার প্রতিবেদনে যোগ করেন, ‘উৎসর্গীকৃত এই নতুন প্রজাতির লাল রঙ মূলত ভোজিনহার সেই অবিশ্বাস্য কীর্তিকেই মনে করিয়ে দেয়।’
স্পেনের বিপক্ষে সেই ম্যাচের পর সামাজিকমাধ্যমেও ব্যাপক জনপ্রিয়তা পান ভোজিনহা। ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা রাতারাতি ৫০ হাজার থেকে বেড়ে দাঁড়ায় ২৮.৬ মিলিয়নে, যা মার্কিন এনএফএল কিংবদন্তি টম ব্রেডির চেয়েও বেশি।
৭৫ বছর বয়সী বিজ্ঞানী হেসুস ওর্তেয়া ওভিয়েদো বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক। কেপ ভার্দের জলসীমায় দীর্ঘ গবেষণার স্বীকৃতিস্বরূপ ২০২৩ সালে দেশটিতে মেডেল অব মেরিটে ভূষিত হন তিনি।
ফুটবলের প্রতি নিজের ভালোবাসার ছাপ এর আগেও একাধিকবার রেখেছেন ওর্তেয়া। কোস্টারিকায় আবিষ্কৃত একটি প্রাণীর নাম তিনি রেখেছিলেন রিয়াল মাদ্রিদ ও পিএসজির সাবেক কোস্টারিকান গোলরক্ষক কেইলর নাভাসের নামে। এছাড়া স্প্যানিশ ক্লাব স্পোর্টিং গিজনের জার্সির রঙের সঙ্গে মিল থাকা একটি ক্ষুদ্র জলজ প্রাণীর নামকরণ করেছিলেন ক্লাবটির সাবেক স্ট্রাইকার কিনির নামানুসারে। এবার সেই তালিকায় যুক্ত হলেন কেপ ভার্দের পোস্টম্যান ভোজিনহা।