বিশ্বকাপ থেকে কলম্বিয়ার বিদায়ের হতাশা এবার রূপ নিয়েছে ভয়ংকর ঘটনায়। দলের মিডফিল্ডার জামিন্টন ক্যাম্পাজ ও তার পরিবার প্রাণনাশের হুমকি পেয়েছেন বলে জানিয়েছেন নিজেই। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বিষয়টি প্রকাশ করে সবাইকে সংযত ও শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে ক্যাম্পাজ জানান, বিশ্বকাপ থেকে বিদায়ের পর তাকে ও তার পরিবারের সদস্যদের লক্ষ্য করে হুমকি দেওয়া হচ্ছে। এমন পরিস্থিতিতে বিদ্বেষ ছড়ানো বন্ধ করার আহ্বান জানান তিনি। ক্যাম্পাজের এই অভিযোগের পরপরই নিন্দা জানিয়েছে কলম্বিয়ান ফুটবল ফেডারেশন।
এক বিবৃতিতে ফেডারেশন বলেছে, ফুটবল কখনোই ঘৃণা বা সহিংসতার জায়গা হতে পারে না। বিবৃতিতে বলা হয়, ফুটবল হওয়া উচিত ঐক্য, শ্রদ্ধা ও আশার জায়গা, ঘৃণা, ভীতি প্রদর্শন বা সহিংসতার ক্ষেত্র কখনোই নয়। একই সঙ্গে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের প্রতি হুমকিদাতাদের দ্রুত শনাক্ত করে তদন্ত এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছে ফেডারেশন।
বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় কলম্বিয়া। সেই পরাজয়ের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে খেলোয়াড়দের উদ্দেশে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যায়। এই ঘটনার পর আবারও সামনে এসেছে কলম্বিয়ার ফুটবল ইতিহাসের সবচেয়ে বেদনাদায়ক অধ্যায়গুলোর একটি।
১৯৯৪ সালের বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ২-১ গোলে হেরেছিল কলম্বিয়া। সেই ম্যাচে ডিফেন্ডার আন্দ্রেস এসকোবার একটি আত্মঘাতী গোল করেছিলেন। বিশ্বকাপ থেকে বিদায়ের কয়েক দিনের মধ্যেই মেডেলিন শহরে তাকে হত্যা করা হয়। সেই ঘটনা বিশ্ব ফুটবলে এখনও অন্যতম মর্মান্তিক অধ্যায় হিসেবে বিবেচিত হয়। ক্যাম্পাজকে ঘিরে সাম্প্রতিক প্রাণনাশের হুমকি নতুন করে সেই দুঃসহ স্মৃতিকেই সামনে এনে দিয়েছে।