বিশ্বকাপ ২০২৬ যেন লিওনেল মেসির জন্য রেকর্ড গড়ার মঞ্চে পরিণত হয়েছে। একের পর এক কীর্তি গড়ে আলোচনায় থাকা আর্জেন্টাইন অধিনায়ক এবার সুইজারল্যান্ডের বিপক্ষেও লিখলেন নতুন ইতিহাস।
কোয়ার্টার ফাইনালে ম্যাচের মাত্র ১০ মিনিটেই নিজের ছাপ রাখেন ৩৯ বছর বয়সী এই তারকা। কর্নার কিক থেকে নিখুঁত বল বাড়িয়ে দেন লিওনেল মেসি। সেই বল পান মিডফিল্ডার আলেক্সিস ম্যাক অ্যালিস্টার। রক্ষণভাগের ওপরে লাফিয়ে উঠে হেডে বল জালে জড়ান তিনি। আর তাতেই ম্যাচে প্রথম গোলের পাশাপাশি বিশ্বকাপ ইতিহাসেও যুক্ত হয় নতুন একটি অধ্যায়।
এই অ্যাসিস্টের মাধ্যমে বিশ্বকাপের ইতিহাসে নিজের ১০ম গোলে সহায়তার রেকর্ড গড়লেন মেসি। বিশ্বকাপের ইতিহাসে এটাই এখন সর্বোচ্চ সংখ্যক অ্যাসিস্টের নতুন রেকর্ড। প্রথম খেলোয়াড় হিসেবে ১০ অ্যাসিস্টের অনন্য কীর্তিটি গড়লেন মেসি।
শুধু অ্যাসিস্টের রেকর্ডই নয়, মাঠে নামার সঙ্গে সঙ্গেই আরেকটি মাইলফলক স্পর্শ করেন আর্জেন্টিনার অধিনায়ক। সুইজারল্যান্ডের বিপক্ষে এই ম্যাচটি ছিল তার ক্যারিয়ারের চতুর্থ বিশ্বকাপ কোয়ার্টার ফাইনাল।
এই অর্জনের মধ্য দিয়ে জার্মান ফুটবলের তিন কিংবদন্তি লোথার ম্যাথিউস, মিরোস্লাভ ক্লোসা এবং উয়ে সিলারের পাশে নিজের নাম লেখালেন মেসি। বিশ্বকাপের মঞ্চে তার রেকর্ড গড়ার যাত্রা যে এখনও থেমে নেই, সেটিই যেন আরও একবার প্রমাণ করলেন আর্জেন্টাইন মহাতারকা।