সুইজারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে শুধু লড়াই নয়, মাঠে দেখা গেল উত্তপ্ত এক মুহূর্তও। ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে পর্তুগিজ রেফারি জোয়াও পিনহেইরোর সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। এরপর থেকেই ফুটবলপ্রেমীদের মধ্যে প্রশ্ন, ঠিক কী বলেছিলেন মেসি?
ম্যাচের এক পর্যায়ে রেফারির একটি সিদ্ধান্তে অসন্তুষ্ট হয়ে সরাসরি তার সঙ্গে কথা বলতে দেখা যায় মেসিকে। সেই সময় রেফারির উদ্দেশ্যে আর্জেন্টাইন অধিনায়ক বলেন, ‘ভালোভাবে কথা বলুন, অসম্মান করবেন না। আমার সঙ্গে সম্মান রেখে কথা বলুন। আমি আপনার সঙ্গে সম্মান রেখেই কথা বলেছি।’
এই ঘটনায় কিছু সময়ের জন্য ম্যাচের উত্তেজনা আরও বেড়ে যায়। যদিও পরে খেলা স্বাভাবিকভাবেই চলতে থাকে। এর আগে দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের এক খেলোয়াড়ের সঙ্গে সংঘর্ষে ডান চোখে আঘাত পান মেসি। হাইড্রেশন ব্রেকের সময় দলের চিকিৎসকরা তার চোখে বরফ দিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। চোট পেলেও মাঠ ছাড়েননি আর্জেন্টাইন অধিনায়ক।
গোল করতে না পারলেও পুরো ম্যাচজুড়েই আক্রমণে সক্রিয় ছিলেন মেসি। একের পর এক সুযোগ তৈরি করে প্রতিপক্ষের রক্ষণকে ব্যস্ত রেখেছেন তিনি।
সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার প্রথম গোলেও ছিল মেসির গুরুত্বপূর্ণ অবদান। আলেক্সিস ম্যাক অ্যালিস্টারের গোলে অ্যাসিস্ট করে দলকে এগিয়ে দেন তিনি। সেই অ্যাসিস্টের মাধ্যমে বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ অ্যাসিস্টদাতার তালিকায় ব্রাজিল কিংবদন্তি পেলের রেকর্ড স্পর্শ করেন আর্জেন্টাইন অধিনায়ক। শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ের রোমাঞ্চ পেরিয়ে ৩-১ ব্যবধানে জয়ের দেখা পায় আলবিসেলেস্তেরা।