ফ্রান্সকে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করেছে স্পেন। শিরোপার মঞ্চে এখন তাদের প্রতিপক্ষ নির্ধারণের অপেক্ষা। তবে সেই অপেক্ষার মধ্যেই নিজের পছন্দের প্রতিপক্ষের নাম জানিয়ে দিয়েছেন স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে। তার চাওয়া, ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হোক স্পেন। কারণ হিসেবে উঠে এসেছে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির সঙ্গে তার দীর্ঘদিনের ব্যক্তিগত বন্ধুত্ব।
ফ্রান্সকে হারানোর পর সংবাদ সম্মেলনে দে লা ফুয়েন্তে বলেন, ‘স্কালোনির সঙ্গে আমার বন্ধুত্ব রয়েছে। তাই আমি চাই, ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষেই খেলতে। তবে ইংল্যান্ডও সমান শক্তিশালী প্রতিপক্ষ। আমার কাছে দুটি সেমিফাইনালই ছিল ফাইনালের আগের ফাইনাল।’
বিশ্বকাপের শেষ চারের প্রতিযোগিতা নিয়েও কথা বলেন স্পেন কোচ। তার মতে, এবারই প্রথম ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল একসঙ্গে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। তাই ফাইনালে যে দলই উঠুক, ম্যাচটি হবে কঠিন ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।
ফ্রান্সের বিপক্ষে জয়ের মূল্যায়ন করতে গিয়ে দে লা ফুয়েন্তে বলেন, ‘আমরা বিশ্বের অন্যতম সেরা দলের বিপক্ষে খেলেছি। কিন্তু তারা খেলেছে বিশ্বের সেরা দলের বিপক্ষে, এটাই পার্থক্য। আমার খেলোয়াড়রা প্রশংসার যোগ্য। তাদের নিবেদন, উদারতা ও প্রতিভা অসাধারণ। আজ তারা দুর্দান্ত ফুটবল খেলেছে।’
এদিকে, ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের আগে স্পেন কোচকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনিও। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘লুইসের জন্য আমি খুবই আনন্দিত। তিনি অসাধারণ একজন মানুষ এবং এই সাফল্যের পুরোপুরি প্রাপ্য। কোচিং কোর্স করার সময় তিনি আমাকে সবসময় সহযোগিতা করেছেন।’
এরপর হালকা রসিকতার সুরে স্কালোনি বলেন, ‘আমি তাকে ফোন করব কি না, সেটা আমাদের ফলাফলের ওপর নির্ভর করবে। আমরা জিতলে ফোন করব না, আর হারলে হয়তো তাকে ফোন করে সাহায্য চাইব। তবে আশা করি, ফাইনালের আগে তাকে ফোন করার প্রয়োজন হবে না।’
উল্লেখ্য, লিওনেল স্কালোনি স্পেনের রয়্যাল ফুটবল ফেডারেশনের কোচিং কোর্সে অংশ নেওয়ার সময় লুইস দে লা ফুয়েন্তে ছিলেন তার অন্যতম প্রশিক্ষক। সেখান থেকেই দুজনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের সূচনা হয়।