বিশ্বকাপের সবচেয়ে বড় মঞ্চে কোনো ঝুঁকি নিতে চাইছে না আর্জেন্টিনা। শিরোপা নির্ধারণী মহারণে স্পেনের বিপক্ষে নিজেদের চিরচেনা সাদা-আকাশি ডোরাকাটা হোম জার্সিতেই মাঠে নামছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। শুধু তাই নয়, গোলবারের নিচে এমিলিয়ানো মার্টিনেজকেও দেখা যাবে তার পরিচিত সবুজ কিটে, যা আগের একাধিক স্মরণীয় ফাইনালের সঙ্গেও জড়িয়ে আছে।
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া ফাইনালে লিওনেল স্কালোনির দল ফিরছে নিজেদের ঐতিহ্যবাহী সাজে। চলতি বিশ্বকাপে কয়েকটি ম্যাচে ভিন্ন কিট ব্যবহার করলেও সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য বেছে নেওয়া হয়েছে সেই পরিচিত সাদা-আকাশি জার্সিই।
চলতি আসরে সব ম্যাচে একই পোশাকে খেলেনি আর্জেন্টিনা। জর্ডানের বিপক্ষে এবং পরে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে তারা খেলেছিল অ্যাওয়ে নীল জার্সিতে। তবে আলজেরিয়া, কেপ ভার্দে, মিশর ও সুইজারল্যান্ডের বিপক্ষে জয় পাওয়া ম্যাচগুলোতে ছিল ঐতিহ্যবাহী হোম কিট। এবার সেই সফল কিটেই বিশ্বকাপ ট্রফি ধরে রাখার মিশনে নামছে মেসির দল।
আর্জেন্টিনার সমর্থকদের জন্য আরেকটি পরিচিত দৃশ্য হতে যাচ্ছে এমিলিয়ানো মার্টিনেজের সবুজ গোলরক্ষক জার্সি। অতীতের বেশ কয়েকটি স্মরণীয় ম্যাচেও একই রঙের পোশাকে মাঠে নেমেছিলেন তিনি। ২০২২ কাতার বিশ্বকাপ এবং ২০২৪ কোপা আমেরিকার ফাইনালেও তাকে একই রঙের কিটে দেখা গিয়েছিল। এছাড়া কাতার বিশ্বকাপের নেদারল্যান্ডস, ক্রোয়েশিয়া ও ফ্রান্সের বিপক্ষের নকআউট ম্যাচগুলোতেও আর্জেন্টিনা ব্যবহার করেছিল সাদা শর্টস ও সাদা মোজা।
অন্যদিকে স্পেনও ফাইনালের জন্য ফিরছে নিজেদের ঐতিহ্যবাহী লাল জার্সিতে। সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে বিকল্প কিটে খেললেও শিরোপা নির্ধারণী ম্যাচে তাদের গায়ে থাকবে লাল জার্সি, নীল রঙের হাতা ও হলুদ নকশা। এর সঙ্গে থাকবে লাল শর্টস ও লাল মোজা।