ফুটবলারদের শরীরে ট্যাটু নতুন কোনো বিষয় নয়। মাঠের তারকাদের শরীরে আঁকা ট্যাটু অনেক সময় হয়ে ওঠে তাদের ব্যক্তিত্ব, বিশ্বাস কিংবা জীবনের গল্পের অংশ। কিন্তু এই প্রবণতার ভিড়ে ব্যতিক্রম আর্জেন্টিনার তারকা ফুটবলার জুলিয়ান আলভারেজ। শরীরে একটি ট্যাটুও নেই তার।
অবিশ্বাস্য হলেও সত্যি, আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের সতীর্থদের মধ্যে তিনিই একমাত্র খেলোয়াড়, যার শরীরে কোনো ট্যাটু নেই। গতবছর বিষয়টি নিয়ে নিজেই মজার এক অভিজ্ঞতা জানিয়েছেন আলভারেজ।
আর্জেন্টিনার জাতীয় দলের সঙ্গে থাকার সময় সতীর্থদের একজন তাকে মনে করিয়ে দেন, শুধু তার শরীরেই কোনো ট্যাটু নেই। আলভারেজ বলেন, ‘একদিন জাতীয় দলের কেউ একজন আমাকে খেয়াল করিয়ে দিল, আমিই নাকি একমাত্র খেলোয়াড়, যার কোনো ট্যাটু নেই।’
তবে নিজেকে যে আলাদা করার চেষ্টা, তা নয়। আলভারেজ বলেন, ‘আমি আলাদা হওয়ার জন্য এটা করি না। ছোটবেলায় বাবা আমাদের বলতেন—ট্যাটু নয়, সিগারেট নয়, অ্যালকোহল নয়।’
বয়স বেড়েছে, নিজের সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতাও এসেছে। তারপরও বাবার সেই কথাগুলো যেন আজও তার জীবনে অদৃশ্য এক নিয়ম হয়ে আছে। ‘এখন আমি বড় হয়েছি, সবাই নিজের সিদ্ধান্ত নিতে পারে। কিন্তু আমার ট্যাটু করার প্রয়োজন মনে হয়নি,’—বলেন আলভারেজ
মজার ব্যাপার হলো, ফুটবল মাঠে আলভারেজের পরিচয় কিন্তু একেবারেই আলাদা। শরীরে কোনো আঁকিবুঁকি নেই, অথচ তার ডাকনাম ‘লা আরানিয়া’, অর্থাৎ ‘মাকড়সা। মাঠে গোল করার পর তার বিখ্যাত স্পাইডারম্যান উদযাপনও ভক্তদের কাছে বেশ জনপ্রিয়।
মাত্র ২৬ বছর বয়সেই আলভারেজের ক্যারিয়ারে যোগ হয়েছে একের পর এক বড় অর্জন। আর্জেন্টিনার হয়ে ২০২২ বিশ্বকাপ জিতেছেন, এরপর ২০২৪ কোপা আমেরিকাতেও ছিলেন শিরোপাজয়ী দলের সদস্য। রিভার প্লেট, ম্যানচেস্টার সিটি ঘুরে এখন অ্যাটলেটিকো মাদ্রিদের আক্রমণভাগের অন্যতম বড় নাম তিনি। ২০২৬ বিশ্বকাপেও আর্জেন্টিনার আক্রমণভাগে আলভারেজ আলোচনার অন্যতম কেন্দ্র।