দিদিয়ের দেশমের পর ফ্রান্স জাতীয় দলের নতুন প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন জিনেদিন জিদান। ইতালিয়ান ফুটবল সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, ফরাসি কিংবদন্তির সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি সম্পন্ন হয়েছে।
রোমানোর দাবি, গত বছরের নভেম্বর থেকেই জিদান ও ফ্রান্স ফুটবল ফেডারেশনের মধ্যে মৌখিক সমঝোতা ছিল। অবশেষে সেই সমঝোতা আনুষ্ঠানিক চুক্তিতে রূপ পেয়েছে। ২০৩০ সালের জুন পর্যন্ত ফ্রান্সের কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন জিদান বলে জানিয়েছেন তিনি।
আগামী কয়েক দিনের মধ্যেই জিদানকে আনুষ্ঠানিকভাবে নতুন কোচ হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হতে পারে। এরপরই শুরু হবে তার জাতীয় দলের সঙ্গে নতুন পথচলা।
খেলোয়াড় হিসেবে জিদান ফ্রান্সকে ১৯৯৮ বিশ্বকাপ ও ২০০০ ইউরো জয়ে নেতৃত্ব দিয়েছিলেন। এরপর কোচ হিসেবেও রিয়াল মাদ্রিদে গড়েছেন অসাধারণ সাফল্যের ইতিহাস। তার অধীনে রিয়াল মাদ্রিদ টানা তিনবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতে।
২০১৮ সালে রিয়াল মাদ্রিদ ছাড়ার পর থেকে আর কোনো ক্লাব বা জাতীয় দলের দায়িত্ব নেননি জিদান। তবে দীর্ঘদিন ধরেই ফ্রান্স জাতীয় দলের কোচ হওয়ার গুঞ্জন ছিল। এবার সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে।
জিদানের সামনে এখন বড় চ্যালেঞ্জ হবে নতুন প্রজন্মের খেলোয়াড়দের নিয়ে শক্তিশালী দল তৈরি করা এবং ফ্রান্সকে আবারও বড় শিরোপার লড়াইয়ে এগিয়ে নেওয়া। তার অধীনে ফরাসি ফুটবলে শুরু হতে যাচ্ছে নতুন এক অধ্যায়।