সান্তোসের হয়ে ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচে বিশ্রামে ছিলেন নেইমার। তবে মাঠের বাইরে সময়টা একেবারেই অলস কাটাননি ব্রাজিলিয়ান এই সুপারস্টার। তাকে দেখা গেছে সাও পাওলোতে অনুষ্ঠিত জুয়া খ্যাত ব্রাজিলিয়ান সিরিজ অব পোকার (বিএসওপি) উইন্টার টুর্নামেন্টে। সেখানে তোলা কয়েকটি ছবি সামাজিকমাধ্যমে প্রকাশ করে তিনি লিখেছেন, ‘লাইফ ইজ এ জোক’—বাংলায় যার অর্থ, ‘জীবন একটা কৌতুক’।
প্রকাশিত ছবিতে নেইমারকে অন্য প্রতিযোগীদের সঙ্গে হাসিখুশি পরিবেশে সময় কাটাতে দেখা গেছে। তবে তার ছোট্ট এই বার্তাই ভক্তদের মধ্যে নানা জল্পনা ও আলোচনার জন্ম দিয়েছে।
২০২৬ ব্রাজিলিয়ান পোকার চ্যাম্পিয়নশিপের চতুর্থ ধাপ হিসেবে আয়োজিত এই টুর্নামেন্ট সাও পাওলোর ডব্লিউটিসি কমপ্লেক্সের গোল্ডেন হলে অনুষ্ঠিত হচ্ছে। প্রতিযোগিতা চলবে আগামী ৩০ জুলাই পর্যন্ত।
অবশ্য পোকার টুর্নামেন্টে নেইমারের অংশগ্রহণ নতুন নয়। ২০২৫ সালের একই আসরে তিনি ৩৪৬ জন প্রতিযোগীর মধ্যে ২৯তম হয়েছিলেন। সেই পারফরম্যান্সের জন্য পুরস্কার হিসেবে পেয়েছিলেন ৫৩ হাজার ৫০০ ব্রাজিলিয়ান রিয়াল।
এদিকে শারীরিক অবস্থা বিবেচনায় সান্তোস তাকে সর্বশেষ ম্যাচে বিশ্রাম দিয়েছে। বর্তমানে ক্লাবের অনুশীলন কেন্দ্রে বিশেষ ফিটনেস কর্মসূচির অধীনে কাজ করছেন নেইমার। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে শনিবার ব্রাজিলিয়ান লিগে শ্যাপেকোয়েন্সের বিপক্ষে ভিলা বেলমিরো স্টেডিয়ামের ম্যাচে মাঠে ফিরতে পারেন তিনি।