লিওনেল মেসির দল ইন্টার মিয়ামিতে যোগ দিয়েছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরো। ফ্রি ট্রান্সফারে তাকে দলে ভেড়ানোর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে মেজর লিগ সকারের ক্লাবটি। একসময় রিয়াল মাদ্রিদের জার্সিতে এল ক্লাসিকোয় মেসির বিপক্ষে লড়াই করা কাসেমিরো এবার খেলবেন তারই সতীর্থ হয়ে।
বুধবার প্রকাশিত এক আনুষ্ঠানিক বিবৃতিতে ইন্টার মিয়ামি জানায়, ২০২৭ মৌসুম পর্যন্ত কাসেমিরোর সঙ্গে চুক্তি হয়েছে। এছাড়া ২০২৯ সালের জুন পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়ানোর সুযোগও রাখা হয়েছে। তবে ওয়ার্ক পারমিট সম্পন্ন হওয়ার পরই তিনি মাঠে নামতে পারবেন।
৩৪ বছর বয়সী এই মিডফিল্ডার গত মৌসুম শেষে চুক্তির মেয়াদ শেষ হওয়ায় ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়েছেন। অনেকদিন ধরেই গুঞ্জন ছিল, ২০২৬ বিশ্বকাপের পর তিনি ইন্টার মিয়ামিতে যোগ দেবেন। শেষ পর্যন্ত সেই গুঞ্জনই সত্যি হলো।
নতুন ক্লাবে যোগ দিয়ে কাসেমিরো বলেন, ‘জেতার মানসিকতা এবং নিজের উন্নতি অব্যাহত রাখাই আমাকে সবসময় অনুপ্রাণিত করে। ক্লাব যে পরিকল্পনা আমার সামনে তুলে ধরেছে এবং এই চুক্তি সম্পন্ন করতে যে পরিশ্রম করেছে, তা আমার কাছে অনেক কিছু বোঝায়।’
তিনি আরও বলেন, ‘এই আস্থার জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ এবং মাঠে ও মাঠের বাইরে, ম্যাচে কিংবা প্রতিদিনের অনুশীলনে, এর প্রতিদান দিতে মুখিয়ে আছি। ক্লাব এবং সমর্থকদের জন্য নিজের সবটুকু উজাড় করে দেব।’
কাসেমিরোকে দলে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ইন্টার মিয়ামির সহ-স্বত্বাধিকারী ডেভিড বেকহ্যামও। তিনি বলেন, ‘কাসেমিরো এবং তার পরিবার ইন্টার মিয়ামিতে যোগ দিচ্ছে জেনে আমি দারুণ খুশি। একজন খেলোয়াড় এবং মানুষ হিসেবে আমি সবসময়ই তাকে প্রশংসা করে এসেছি। সে জয়ে অভ্যস্ত একজন চ্যাম্পিয়ন। রিয়াল মাদ্রিদ এবং ম্যানচেস্টার ইউনাইটেডে দুর্দান্ত ক্যারিয়ারের পর, তার নতুন গন্তব্য হিসেবে মিয়ামি বেছে নেওয়াতে আমি আনন্দিত।’
ক্লাব ফুটবলে কাসেমিরোর অর্জন ঈর্ষণীয়। রিয়াল মাদ্রিদের হয়ে আট মৌসুমে জিতেছেন পাঁচটি উয়েফা চ্যাম্পিয়নস লিগ, তিনটি লা লিগা এবং তিনটি ক্লাব বিশ্বকাপ। ২০২২ সালে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়ে জিতেছেন এফএ কাপ ও ইংলিশ লিগ কাপ। এছাড়া ব্রাজিল জাতীয় দলের হয়ে জিতেছেন একটি কোপা আমেরিকা শিরোপাও।