১৯ জুলাই শেষ হয়েছে ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ আসর। নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জয়ের উল্লাস করেছে স্পেন। তবে ফাইনাল ম্যাচের বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে আলোচনা এখনো থামেনি। এবার ম্যাচটি যথাযথ প্রক্রিয়া মেনে হয়নি দাবি করে পুনরায় ফাইনাল আয়োজনের দাবি তুলেছেন আর্জেন্টিনার একদল সমর্থক।
ডিজিটাল প্ল্যাটফর্ম চেঞ্জডটওআরজিতে গিসেলা সানচেজ নামে এক ফুটবলভক্ত এই আবেদনটি শুরু করেছেন। ইতোমধ্যে এতে স্বাক্ষর করেছেন ৬১ হাজার ৫০০-এর বেশি মানুষ। পিটিশনে ফিফার কাছে ফাইনালের রেফারি স্লাভকো ভিনচিসের পারফরম্যান্স এবং ভিএআরের সিদ্ধান্তগুলো পুনর্বিবেচনার দাবি জানানো হয়েছে।
ক্যাম্পেইনের উদ্যোক্তার অভিযোগ, ম্যাচের গতিপথ প্রভাবিত করার মতো কিছু রেফারিং সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পাশাপাশি তিনি কিছু অনিয়মের কথাও উল্লেখ করেছেন। তবে এসব অভিযোগের পক্ষে কোনো যাচাইকৃত প্রমাণ উপস্থাপন করা হয়নি। একই সঙ্গে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার কাছে পুরো বিষয়টি পর্যালোচনার আহ্বান জানানো হয়েছে।
তবে এমন কোনো অনলাইন আবেদন সাধারণত প্রতিযোগিতার ফল পরিবর্তনের ক্ষেত্রে আনুষ্ঠানিক বা বাধ্যতামূলক সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হয় না। নিয়ম অনুযায়ী, বিশেষ কোনো ব্যতিক্রমী পরিস্থিতি তৈরি হলে বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিলে কেবল কোনো ম্যাচ পুনরায় আয়োজনের সুযোগ থাকতে পারে।
আর্জেন্টিনার এই উদ্যোগটি ২০২৬ বিশ্বকাপ ঘিরে ওঠা প্রতিবাদের ধারাবাহিকতার অংশ। এর আগে ফ্রান্সের সমর্থকদের পক্ষ থেকেও একটি ডিজিটাল ক্যাম্পেইন চালানো হয়েছিল। সেখানে ৮২ হাজারের বেশি স্বাক্ষর জমা পড়ে এবং দাবি করা হয়, স্পেনের বিপক্ষে সেমিফাইনাল ম্যাচটি পুনরায় আয়োজন করা হোক। তবে সেই আবেদনেরও কোনো ফল পাওয়া যায়নি।
উল্লেখ্য, ১৯ জুলাইয়ের ফাইনালে অতিরিক্ত সময়ে ফেরান তরেসের গোলে স্পেন চ্যাম্পিয়ন হয়। ফাইনালে হারলেও লিওনেল মেসিদের প্রতি সমর্থন জানাতে আর্জেন্টিনার বিভিন্ন শহরে রাস্তায় নেমে আসেন হাজারো সমর্থক। তবে পরাজয়ের পর বুয়েন্স আয়ার্সে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনাও ঘটে।