বিশ্বকাপের উত্তেজনা শেষ হতেই ফুটবলপ্রেমীদের নজর আবারও ফিরছে ইউরোপিয়ান ক্লাব ফুটবলে। আগস্ট থেকেই শুরু হচ্ছে ইউরোপের শীর্ষ ঘরোয়া লিগগুলোর নতুন মৌসুম। তবে সবার অপেক্ষার কেন্দ্রবিন্দুতে রয়েছে সবচেয়ে বড় আকর্ষণ উয়েফা চ্যাম্পিয়নস লিগ।
ইউরোপের সবচেয়ে মর্যাদাপূর্ণ ক্লাব প্রতিযোগিতার বাছাই পর্ব ইতোমধ্যেই শুরু হয়েছে। প্লে-অফ শেষ হওয়ার পর অনুষ্ঠিত হবে মূল পর্বের ড্র। সেই বহুল প্রতীক্ষিত ড্রয়ের সূচিও ঘোষণা করেছে উয়েফা।
আগামী ২৭ আগস্ট সুইজারল্যান্ডের নিয়নে অবস্থিত উয়েফার সদর দপ্তরে অনুষ্ঠিত হবে লিগ পর্বের ড্র। বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে অনুষ্ঠান। সরাসরি সম্প্রচার করবে সনি স্পোর্টস টেন ২। গত মৌসুমের মতো এবারও নতুন ফরম্যাটে ৩৬টি ক্লাব নিয়ে অনুষ্ঠিত হবে লিগ পর্ব। ড্রয়ের মাধ্যমে প্রতিটি দল ৮টি করে প্রতিপক্ষ পাবে। প্রতিটি ক্লাব খেলবে ৪টি হোম ও ৪টি অ্যাওয়ে ম্যাচ।
ইংল্যান্ড, স্পেন, ইতালি, জার্মানি ও ফ্রান্সের শীর্ষ ক্লাবগুলোর পাশাপাশি প্লে-অফ পেরিয়ে আসা দলগুলোও লিগ পর্বে জায়গা পাবে। প্লে-অফ শেষে ৩৬ দলের পূর্ণ তালিকা চূড়ান্ত হবে।
চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বের খেলা শুরু হবে ৮ সেপ্টেম্বর। চলবে আগামী বছরের ২৭ জানুয়ারি পর্যন্ত। এরপর শুরু হবে নকআউট পর্ব। আর ফাইনাল অনুষ্ঠিত হবে ৫ জুন, স্পেনের রাজধানী মাদ্রিদের মেত্রোপলিতানো স্টেডিয়ামে।