অবশেষে সেই অপেক্ষার অবসান হলো। বহুদিন ধরে যে গুঞ্জন ফুটবল বিশ্বে ঘুরছিল, সেটাই এবার বাস্তবে রূপ নিল। ফ্রান্স জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন জিনেদিন জিদান। চার বছরের চুক্তিতে ফরাসি ফুটবলের সবচেয়ে কাঙ্ক্ষিত দায়িত্ব গ্রহণ করলেন রিয়াল মাদ্রিদের সাবেক এই সফল কোচ।
প্যারিসে ফরাসি ফুটবল ফেডারেশনের সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে জিদানকে নতুন কোচ হিসেবে পরিচয় করিয়ে দেন ফেডারেশনের সভাপতি ফিলিপ দিয়ালো। তিনি জানান, ২০২৬ বিশ্বকাপ শেষে দায়িত্ব ছাড়ার ঘোষণা দেওয়ার কয়েক সপ্তাহ পরই দিদিয়ের দেশমের উত্তরসূরি হিসেবে জিদানের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়েছিল।
তবে দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই ফুটবলের বাইরের একটি বিষয়কে গুরুত্ব দেন জিদান। দক্ষিণ-পশ্চিম ফ্রান্সে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে কাজ করা অগ্নিনির্বাপণকর্মীদের প্রতি সমর্থন জানান তিনি। পাশাপাশি দীর্ঘদিন ফ্রান্সকে সাফল্য এনে দেওয়া দিদিয়ের দেশমকেও অভিনন্দন জানান।
এরপর নিজের দীর্ঘ অপেক্ষার গল্প শোনান ফরাসি কিংবদন্তি। জানান, গত পাঁচ বছরে ইউরোপের বড় বড় ক্লাব এবং জাতীয় দল থেকে একাধিক প্রস্তাব পেলেও তিনি সবই ফিরিয়ে দিয়েছেন। কারণ, তার লক্ষ্য ছিল একটাই; একদিন ফ্রান্স জাতীয় দলের দায়িত্ব নেওয়া।
জিদান বলেন, ‘রিয়াল মাদ্রিদে আমার অভিজ্ঞতার পর আমি অনেক প্রস্তাব পেয়েছি। কিন্তু সবগুলোই ফিরিয়ে দিয়েছি, কারণ আমার লক্ষ্য ছিল শুধুই ফ্রান্স জাতীয় দল। এটাই ছিল একমাত্র দায়িত্ব, যা আমি নিতে চেয়েছিলাম। এই দলের সঙ্গে কাজ করা এবং দলকে জয়ের ধারায় রাখাই এখন আমার সবচেয়ে বড় কাজ।’
নিজের নতুন দায়িত্বকে কোচিং ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় মুহূর্ত বলেও উল্লেখ করেন তিনি। সংবাদ সম্মেলনে আবেগঘন কণ্ঠে জিদান বলেন, ‘আজকের দিনটি আমার কোচিং জীবনের সবচেয়ে আনন্দের দিন।’
এখন নতুন এই অধ্যায়ে জিদানের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ফ্রান্সকে আবারও শিরোপার পথে ফিরিয়ে নেওয়া। কিংবদন্তি ফুটবলার হিসেবে বিশ্ব জয় করার পর এবার কোচ হিসেবেও জাতীয় দলের ইতিহাসে নতুন অধ্যায় লেখার সুযোগ পেলেন তিনি।