একসময় নতুন বল হাতে ব্যাটারদের জন্য আতঙ্কের নাম ছিলেন শাহিন শাহ আফ্রিদি। গতি, সুইং আর ধারালো বোলিংয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতেন পাকিস্তানের এই বাঁহাতি পেসার। তবে গত কিছুদিন ধরে সেই আগের শাহিনকে আর দেখা যাচ্ছে না। কেন হঠাৎ ছন্দ হারিয়ে ফেললেন এই তারকা পেসার, তার ব্যাখ্যা দিয়েছেন পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার মোহাম্মদ আমির।
উইজডেনের ‘দ্য স্কুপ’ অনুষ্ঠানে আমির বলেন, পর্যাপ্ত ওয়ার্কলোড ম্যানেজমেন্টের অভাবই শাহিনের পারফরম্যান্সে নেতিবাচক প্রভাব ফেলেছে। তার মতে, সব ফরম্যাটে টানা খেলানোর কারণেই গতি, ধারাবাহিকতা ও ফিটনেসে ভুগছেন এই বাঁহাতি পেসার। এমনকি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান টেস্ট সিরিজের দলেও জায়গা হয়নি শাহিনের।
২০২৩ সালে হাঁটুর চোট থেকে ফেরার পর টেস্ট ক্রিকেটে আগের ছন্দে ফিরতে পারেননি তিনি। ১৬ ইনিংসে ২৭ উইকেট নিলেও গড় ৪০.১১ এবং স্ট্রাইক রেট ৬৭.৬। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজেও তার কম গতির বোলিং সমালোচনার জন্ম দিয়েছিল।
আমির বলেন, ‘গুগল বা ইউটিউবে খুঁজলেই ভিডিওটি পাবেন। ২০২০ বা ২০২১ সালে আমি শাহিন আফ্রিদিকে নিয়ে একটি সাক্ষাৎকার দিয়েছিলাম। তখনই বলেছিলাম, আপনারা শাহিনকে যেভাবে খেলিয়েই যাচ্ছেন, একসময় সে সমস্যায় পড়বে।’
তিনি আরও যোগ করেন, ‘সে গতিতে, ধারাবাহিকতায় ও ফিটনেসে– সবদিক থেকেই ভুগবে। এখন দেখুন, সে সত্যিই সংগ্রাম করছে। এখনও তার বয়স কম, এই সময় তার সেরা অবস্থায় থাকার কথা ছিল। কিন্তু তা হচ্ছে না। এর পেছনে বড় কারণ ওয়ার্কলোড ম্যানেজমেন্টের অভাব।’
পরিসংখ্যানও আমিরের বক্তব্যের পক্ষে কথা বলছে। অভিষেকের পর থেকে ২০২২ সালের জুলাইয়ে চোট পাওয়ার আগ পর্যন্ত টেস্ট ক্রিকেটে ৮০৯.৪ ওভার করেছেন শাহিন, যা ওই সময়ে পাকিস্তানের যেকোনো বোলারের মধ্যে সর্বোচ্চ। ফলে অতিরিক্ত চাপই তার পারফরম্যান্সে প্রভাব ফেলেছে বলে মনে করছেন সাবেক এই পেসার।