প্রায় চার মাস পর বার্সেলোনার সেই বিতর্কিত অভিযোগকেই কার্যত সঠিক বলে স্বীকৃতি দিল উয়েফা। রেফারিদের জন্য নতুন নির্দেশনায় ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ সংস্থা জানিয়েছে, কোনো খেলোয়াড় যদি নিজের পেনাল্টি বক্সের ভেতরে ইচ্ছাকৃতভাবে হাত দিয়ে বল স্পর্শ করেন এবং বল তখন খেলার মধ্যে থাকে, তাহলে রেফারিকে অবশ্যই পেনাল্টি দিতে হবে। এ ক্ষেত্রে ব্যক্তিগত ব্যাখ্যা বা ‘কমন সেন্স’ প্রয়োগের সুযোগ থাকবে না।
নতুন এই নির্দেশনার পেছনে রয়েছে গত ৮ এপ্রিল চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালে বার্সেলোনা-অ্যাটলেটিকো মাদ্রিদ ম্যাচের বিতর্কিত ঘটনা। সেদিন আতলেতিকোর ডিফেন্ডার মার্ক পিউবিল নিজের বক্সে হাত দিয়ে বল থামালেও রেফারি ইস্তভান কোভাচ পেনাল্টি দেননি, এমনকি ভিএআরও তাকে ঘটনাটি পুনরায় দেখতে ডাকেনি।
ম্যাচের পর বার্সেলোনা আনুষ্ঠানিক অভিযোগ জানালেও তখন তা খারিজ করে দিয়েছিল উয়েফা। তবে নতুন নির্দেশনা জারির মাধ্যমে সংস্থাটি পরোক্ষভাবে স্বীকার করে নিয়েছে, ওই ঘটনায় পেনাল্টি হওয়াই উচিত ছিল। সেই ম্যাচে ২-০ গোলে হেরে দুই লেগ মিলিয়ে বিদায় নেয় বার্সেলোনা, হাতছাড়া হয় চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের টিকিট।