ম্যাচ ফিক্সিং ও দুর্নীতিবিরোধী তদন্তে বাধা দেওয়ার অভিযোগে যুক্তরাষ্ট্রের ক্রিকেটার বোদুগুম আখিলেশ রেড্ডিকে আট বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
ক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের আবুধাবি টি-টেন লিগে দুর্নীতিবিরোধী বিধিমালা ভঙ্গের অভিযোগে স্বাধীন ট্রাইব্যুনাল রেড্ডিকে দোষী সাব্যস্ত করেছে। তার বিরুদ্ধে তিনটি ধারা লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হয়েছে।
আইসিসির দুর্নীতিবিরোধী বিধিমালার ২.১.১ ধারা অনুযায়ী ম্যাচের ফলাফল বা গতিপথ প্রভাবিত করার চেষ্টা, ২.১.৪ ধারা অনুযায়ী অন্য কাউকে দুর্নীতিতে জড়ানোর চেষ্টা এবং ২.৪.৭ ধারা অনুযায়ী তদন্তে বাধা দেওয়ার অভিযোগে শাস্তি পেয়েছেন এই অফস্পিনার।
তদন্ত চলাকালে মোবাইল ফোন থেকে গুরুত্বপূর্ণ তথ্য ও বার্তা মুছে ফেলার অভিযোগও প্রমাণিত হয়েছে। ২০২৫ সালের ২১ নভেম্বর থেকে তার নিষেধাজ্ঞা কার্যকর ধরা হয়েছে, যেদিন তাকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছিল।
২৬ বছর বয়সী রেড্ডি যুক্তরাষ্ট্রের হয়ে চারটি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। চলতি বছরে দুর্নীতিবিরোধী বিধিমালা ভঙ্গের অভিযোগে অভিযুক্ত হওয়া যুক্তরাষ্ট্রের দ্বিতীয় ক্রিকেটার তিনি।