ভারতীয় ক্রিকেট মানেই যেন নীল জার্সি। ‘ম্যান ইন ব্লু’ নামেই বিশ্বজুড়ে পরিচিত তারা। ১৯৮৩ সালের বিশ্বকাপ জয় থেকে শুরু করে ২০১১ সালের ঘরের মাঠের বিশ্বকাপ; ভারতের অসংখ্য স্মরণীয় মুহূর্তের সাক্ষী এই নীল পোশাক বা জার্সি।
তবে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে নতুন এক গুঞ্জন, ঐতিহ্যবাহী নীল জার্সি বাদ দিয়ে গেরুয়া রঙের জার্সিতে দেখা যাবে টিম ইন্ডিয়াকে। যদিও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। ফলে বিষয়টি আপাতত শুধুই সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচনায় সীমাবদ্ধ।
ভারতের জার্সিতে গেরুয়া রঙ অবশ্য একেবারে নতুন নয়। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে অ্যাওয়ে কিট হিসেবে কমলা-গেরুয়া রঙের জার্সি পরেছিল ভারত। সেই সময়ও জার্সির রং নিয়ে তৈরি হয়েছিল ব্যাপক আলোচনা-সমালোচনা এমনকি বিতর্কও।
ফুটবলের মত ক্রিকেটেও অ্যাওয়ে কিট ব্যবহার এখন স্বাভাবিক বিষয়। একই রঙের জার্সি পরা দুই দল মুখোমুখি হলে আইসিসির নিয়ম অনুযায়ী বিকল্প পোশাক ব্যবহার করতে হয়। পাশাপাশি স্পন্সর, ব্র্যান্ডিং ও বাজারজাতকরণের বিষয়ও নতুন ডিজাইনের জার্সির পেছনে বড় ভূমিকা রাখে।
তবে ভারতের সমর্থকদের কাছে নীল রঙ শুধু একটি পোশাক নয়, এটি আবেগ ও ঐতিহ্যের অংশ। তাই জার্সির রং বদলের গুঞ্জন ঘিরে কেউ যেমন নতুনত্বকে স্বাগত জানাচ্ছেন, অন্যদিকে অনেকেই মনে করছেন নীলের সঙ্গে ভারতের ক্রিকেটীয় পরিচয় বদলানো উচিত নয়।