১৯৯৮ বিশ্বকাপ জয়ে ফ্রান্সের গৌরবগাথা ঘিরে প্রায় তিন দশক পর নতুন বিতর্কের জন্ম দিয়েছেন দেশটির সাবেক ক্রীড়ামন্ত্রী মারি-জর্জ বুফে। তিনি স্বীকার করেছেন, ঘরের মাঠে অনুষ্ঠিত সেই বিশ্বকাপের আগে ফ্রান্স জাতীয় দলের ওপর আকস্মিক ডোপ টেস্ট কার্যত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
‘জিদান, দ্য ক্রিয়েশন অব আ লিজেন্ড’ প্রামাণ্যচিত্রে বুফে জানান, দলের প্রস্তুতিতে বিঘ্ন না ঘটাতেই সরকার এমন সিদ্ধান্ত নিয়েছিল। যদিও ২০১৩ সালে সিনেটের তদন্ত কমিশনের সামনে দেওয়া সাক্ষ্যে তিনি এমন কোনো নির্দেশনার কথা অস্বীকার করেছিলেন।
সাবেক ক্রীড়ামন্ত্রীর দাবি, ১৯৯৭ সালে টিগনেসে জাতীয় দলের ট্রেনিং ক্যাম্পে আকস্মিক ডোপ পরীক্ষার পর কোচ আইমে জ্যাকে ও ফরাসি ফুটবল ফেডারেশন তীব্র আপত্তি জানিয়েছিল। এরপরই বিশ্বকাপ পর্যন্ত আর কোনো আকস্মিক পরীক্ষা না চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
সে সময় পরীক্ষার দায়িত্বে থাকা চিকিৎসক অ্যালাইন গার্নিয়ারও দাবি করেছেন, তাকে মৌখিকভাবে জানানো হয়েছিল। বিশ্বকাপের আগে ফ্রান্স দলকে আর বিরক্ত করা যাবে না। সেই বক্তব্যের মুখে পড়ে শেষ পর্যন্ত বিষয়টি স্বীকার করেন বুফে। তবে তিনি ইঙ্গিত দেন, সিদ্ধান্তটি কেবল তার ব্যক্তিগত ছিল না; সরকারের উচ্চপর্যায় থেকেও এ বিষয়ে নির্দেশনা এসেছিল।
১৯৯৮ সালে স্বাগতিক ফ্রান্স জিনেদিন জিদানের জোড়া গোলে ব্রাজিলকে ৩-০ ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ জেতে। তবে প্রায় ৩০ বছর পর এই স্বীকারোক্তি সেই ঐতিহাসিক সাফল্যকে ঘিরে নতুন করে প্রশ্ন ও বিতর্কের জন্ম দিয়েছে।