বিশ্বকাপ অভিযান শেষ করে আবারও আন্তর্জাতিক ফুটবলে ফিরতে যাচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী সেপ্টেম্বর ও অক্টোবরের ফিফা আন্তর্জাতিক উইন্ডোতে তিনটি প্রীতি ম্যাচ খেলবে লিওনেল স্কালোনির দল। এর মধ্যে একটি ম্যাচ হবে আর্জেন্টিনার মাটিতে, আর বাকি দুটি অনুষ্ঠিত হবে চীনে।
আর্জেন্টাইন সাংবাদিক মার্তিন আরেভালোর তথ্য অনুযায়ী, বিশ্বকাপের পর দলকে নতুন করে গুছিয়ে নেওয়ার লক্ষ্যেই এই ম্যাচগুলোর পরিকল্পনা করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। যদিও এখনো প্রতিপক্ষ কিংবা নির্দিষ্ট ভেন্যুর নাম আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।
শুধু সেপ্টেম্বর-অক্টোবর নয়, বছরের শেষ আন্তর্জাতিক বিরতিতেও মাঠে নামার পরিকল্পনা রয়েছে আলবিসেলেস্তেদের। নভেম্বরে আরও কয়েকটি প্রীতি ম্যাচ আয়োজনের প্রস্তুতি চলছে। তবে সেগুলোর সূচি ও প্রতিপক্ষ এখনো চূড়ান্ত হয়নি।
চীনকে ভেন্যু হিসেবে বেছে নেওয়ার পেছনে বড় কারণ হিসেবে দেখা হচ্ছে দেশটিতে আর্জেন্টিনার বিপুল সমর্থকগোষ্ঠী এবং বাণিজ্যিক সম্ভাবনাকে। খুব শিগগিরই ম্যাচগুলোর পূর্ণাঙ্গ সূচি ও প্রতিপক্ষ ঘোষণা করবে এএফএ।
বিশ্বকাপের পর এই প্রীতি ম্যাচগুলোকে বেশ গুরুত্ব দিচ্ছেন কোচ লিওনেল স্কালোনি। তরুণদের সুযোগ দেওয়া, অভিজ্ঞদের সঙ্গে সমন্বয় তৈরি করা এবং নতুন মৌসুমের আগে দলকে ছন্দে ফেরানোই থাকবে তার মূল লক্ষ্য।