বাংলাদেশ দলে অভিষেকের প্রহর গুনছেন ফারহান আলী ওয়াহিদ। এরই মধ্যে হামজা চৌধুরীর বিপক্ষে খেলার একটা সুযোগ তৈরি হয়েছিল তার। ইএফএল ট্রফিতে হামজার লেস্টার সিটির মুখোমুখি হওয়ার কথা ছিল ফারহানের ফুলহাম অনূর্ধ্ব-২১ দলের। তবে সেই ম্যাচ আর হচ্ছে না। এর আগেই নতুন ঠিকানায় পাড়ি জমিয়েছেন ফারহান।
আগামী ২২ সেপ্টেম্বর লেস্টার সিটি ও ফুলহাম অনূর্ধ্ব-২১ দলের মুখোমুখি হওয়ার কথা ছিল। ম্যাচটি হলে লেস্টারের হয়ে হামজা আর ফুলহামের হয়ে মাঠে নামতেন ফারহান। কিন্তু ফুলহামের মূল দলে অভিষেকের মাত্র দুই সপ্তাহের মধ্যেই এক মৌসুমের ধারে তাকে ইংল্যান্ডের পঞ্চম স্তরের ক্লাব বোরহ্যাম উডে পাঠিয়ে দিয়েছে ফুলহাম।
গত ২৫ জুলাই নরউইচ সিটির বিপক্ষে প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে ফুলহামের মূল দলে অভিষেক হয় ফারহানের। এরপর আল আহলি ও ফারেসির বিপক্ষেও খেলেছেন তিনি। তাই নতুন মৌসুমে ফুলহামের পরিকল্পনায় থাকবেন বলে ধারণা করা হয়েছিল। শেষ পর্যন্ত অবশ্য নতুন ঠিকানায় যেতে হলো এই তরুণ উইঙ্গারকে।
গত মৌসুমে ন্যাশনাল লিগের প্লে-অফ ফাইনালে উঠেছিল বোরহ্যাম উড। শনিবার ঘরের মাঠে ট্যামওয়ার্থের বিপক্ষে নতুন মৌসুম শুরু করবে দলটি।
তবে ক্লাব বদলালেও বাংলাদেশের জার্সিতে ফারহানের অভিষেকের সম্ভাবনা থাকছে। সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে তাকে জাতীয় দলে যুক্ত করার প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে বাফুফে। সবকিছু ঠিক থাকলে আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপে হামজা চৌধুরীর সঙ্গে ফারহানকে একসঙ্গে মাঠে দেখার সম্ভাবনাও তৈরি হতে পারে।