ফ্লাইট জটিলতায় ইতালির রোমে আটকা পড়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের মিডফিল্ডার সৈয়দ কাজেম শাহ। কানাডার টরন্টো থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট যান্ত্রিক ত্রুটির কারণে ইতালির রোমের ফিউমিচিনো বিমানবন্দরে জরুরি অবতরণ করে। এরপর দীর্ঘ সময় বিমানের ভেতর অপেক্ষা করতে হয় যাত্রীদের।
কাজেমের সঙ্গে রয়েছেন তার বাবা ও সাবেক ক্রিকেটার হালিম শাহ, মা এবং বোন। রোম থেকে কাজেমের বাবা জানান, ‘টরেন্টো থেকে বাংলাদেশ বিমানে রোমে আসার পর বিমানে আট ঘণ্টা বসে থাকতে হয়েছে। বিমানের জটিলতার কারণে পরবর্তীতে আমাদের হোটেলে স্থানান্তর করেছে।’
হালিম শাহ আরও বলেন, ‘কানাডিয়ান পাসপোর্ট থাকায় আমরা হোটেল পেয়েছি। যাদের সেনজেন ভিসা নেই কিংবা কানাডা, আমেরিকার পাসপোর্ট নেই জানি না তাদের কি অবস্থা এখনো। রোম থেকে ঢাকায় কখন পৌঁছাতে পারব জানি না।’
এদিকে বাংলাদেশ ফুটবল লিগে চলছে দলবদল। গত মৌসুমে ঢাকা আবাহনীর হয়ে খেলেছেন কাজেম। তবে নতুন মৌসুমে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো দলের সঙ্গে চুক্তিবদ্ধ হননি এই মিডফিল্ডার।