বার্সেলোনা ছেড়ে প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি) পাড়ি জমাতে যাচ্ছেন স্প্যানিশ ফরোয়ার্ড ফেরান তরেস। তাকে দলে ভেড়াতে ৫০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছে ফরাসি চ্যাম্পিয়নরা। দলবদল বিশেষজ্ঞ সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর তথ্য অনুযায়ী, চুক্তির আলোচনা এখন শেষ পর্যায়ে।
ব্যক্তিগত শর্ত নিয়েও তরেসের সঙ্গে পিএসজির আলোচনা অনেক দূর এগিয়েছে। দুই পক্ষ মৌখিক চুক্তির কাছাকাছি পৌঁছে গেছে। পাশাপাশি বার্সেলোনার সঙ্গেও পিএসজির আলোচনা চলছে। সবকিছু ঠিক থাকলে দ্রুতই আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা।
প্যারিসে গেলে পুরনো গুরু লুইস এনরিকেকে আবারও পাবেন ২৬ বছর বয়সী এই উইঙ্গার। স্পেন জাতীয় দলে লুইস এনরিকের অধীনেই ক্যারিয়ারের অন্যতম সেরা সময় কাটিয়েছিলেন তিনি।
২০২২ সালে ম্যানচেস্টার সিটি থেকে বার্সেলোনায় যোগ দেওয়ার পর দলটির আক্রমণভাগের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠেন তরেস। কাতালান ক্লাবটির হয়ে দুই শতাধিক ম্যাচে ৬৫ গোল করেছেন তিনি। গত মৌসুমেও খেলেছেন ৪৯টি ম্যাচ।