আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে মাঠ মাতানো ক্রিকেটার অভিষেক পোরেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। এক তরুণীর সঙ্গে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্ক এবং ধর্ষণের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। মঙ্গলবার মগরা থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। অভিষেকের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা করা হয়েছে। মঙ্গলবারই তাকে চুঁচুড়া আদালতে হাজির করার কথা রয়েছে।
গত ২৩ জুন হুগলির মোগরা থানায় অভিষেকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন কর্ণাটকের এক মেডিকেল শিক্ষার্থী। ওই তরুণীর দাবি, অভিষেকের সঙ্গে তার প্রায় সাড়ে তিন বছরের সম্পর্ক ছিল। তারা বিয়ের সিদ্ধান্তও নিয়েছিলেন এবং একসঙ্গে বিদেশেও গিয়েছিলেন।
তবে প্রায় দেড় বছর আগে তাদের সম্পর্কে সমস্যা শুরু হয়। বিষয়টি থানা পর্যন্ত গড়ালেও তখন কোনো অভিযোগ দায়ের হয়নি। পরে ওই তরুণী পুলিশের কাছে অভিযোগ করেন। অভিযোগ অস্বীকার করেছিলেন অভিষেক। পুলিশের পক্ষ থেকে দীর্ঘদিন কোনো ব্যবস্থা না নেওয়ায় শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন ওই তরুণী। আদালতের নির্দেশের পরই অভিষেককে গ্রেপ্তার করে পুলিশ।
ক্রিকেট মাঠেও গত কয়েক বছরে নিজের জায়গা তৈরি করেছেন অভিষেক। বাংলার হয়ে ধারাবাহিক পারফরম্যান্সের পর আইপিএলে দিল্লি ক্যাপিটালসে সুযোগ পান এই তরুণ উইকেটকিপার। ঋষভ পন্তের বিকল্প হিসেবে তাকে দলে নেওয়া হয়েছিল। প্রথম মৌসুমে চার ম্যাচ খেললেও খুব বেশি সাফল্য পাননি। এরপরও তার ওপর আস্থা রাখে দিল্লি। পরের মৌসুমে ব্যাট হাতে ভালো পারফরম্যান্স করে সেই আস্থার প্রতিদানও দেন অভিষেক।