বিশ্বকাপ ফাইনালের উত্তেজনা শেষ হতে না হতেই নতুন ইউরোপিয়ান ফুটবল মৌসুমের প্রথম ট্রফির লড়াইয়ে নামছে প্যারিস সেন্ট জার্মেই ও অ্যাস্টন ভিলা। উয়েফা সুপার কাপে চ্যাম্পিয়নস লিগ ও ইউরোপা লিগের চ্যাম্পিয়নদের মুখোমুখি লড়াই হবে সলজবুর্গের রেড বুল এরেনায়। বাংলাদেশ সময় আজ বুধবার দিবাগত রাত ১টায় মাঠে গড়াবে ম্যাচটি।
টানা দ্বিতীয়বার সুপার কাপ জয়ের হাতছানি পিএসজির সামনে। গত বছর পেনাল্টি শুটআউটে টটেনহ্যামকে হারিয়ে ট্রফি জিতেছিল তারা। এবারও জিতলে আধুনিক যুগে রিয়াল মাদ্রিদের পর টানা দুইবার এই শিরোপা জেতা দ্বিতীয় দল হবে পিএসজি। সব মিলিয়ে আয়াক্স, এসি মিলান ও রিয়ালের পর চতুর্থ দল হিসেবে টানা দুই সুপার কাপ জয়ের কীর্তিও গড়বে তারা।
গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে একবার মুখোমুখি হয়েছিল দুই দল। দ্বিতীয় লেগে ভিলা ৩-২ গোলে জিতলেও প্রথম লেগে ৩-১ ব্যবধানে জেতায় পরের পর্বে উঠেছিল পিএসজি।
এই ম্যাচ জিতলে পিএসজি কোচ লুইস এনরিকে কোচ হিসেবে ১৩তম ট্রফি জয়ের স্বাদ পাবেন। বিপরীতে উনাই এমেরির আগের তিনটি সুপার কাপের সবগুলোতেই হার। এবারের ম্যাচটি ভিলার জন্য সুপার কাপে মাত্র দ্বিতীয় উপস্থিতি, আর পিএসজির তৃতীয়।
ম্যাচের আগে আলোচনায় আছেন সোমালিয়ার রেফারি ওমর আর্তানও। বিশ্বকাপের দায়িত্ব পেয়েও সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে যুক্তরাষ্ট্রের বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছিল তাকে। এবার উয়েফা তাকে এই ম্যাচের দায়িত্ব দিয়ে ইতিহাসের প্রথম সোমালি রেফারি হিসেবে কোনো উয়েফা ম্যাচ পরিচালনার সুযোগ দিয়েছে।