ক্রীড়া সাংবাদিকদের নিয়ে আয়োজিত জুনিয়র্স চ্যাম্পিয়ন লিগের (জেসিএল) প্রথম আসরের শিরোপা জিতেছে প্যাকেজ ফনিক্স। সোমবার (১১ আগস্ট) রাজধানীর ক্লাব ভোলতা মাঠে অনুষ্ঠিত ফাইনালে টাইব্রেকারে ২-০ ব্যবধানে বাইট ব্লাস্টার্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তারা।
চার দলের অংশগ্রহণে আয়োজিত এই প্রতিযোগিতায় বিভিন্ন গণমাধ্যমের ৪০ জনের বেশি ক্রীড়া সাংবাদিক অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় অংশ নেওয়া দলগুলো ছিল-রিলস রয়্যালস, কার্ড ক্যাপিটালস, প্যাকেজ ফনিক্স ও বাইট ব্লাস্টার্স।
লিগপর্বের খেলা শেষে পয়েন্ট তালিকায় এগিয়ে ফাইনালে জায়গা করে নেয় প্যাকেজ ফনিক্স ও বাইট ব্লাস্টার্স। শিরোপা নির্ধারণী ম্যাচে নির্ধারিত সময়ে দুই দলের লড়াই জমে উঠলেও শেষ পর্যন্ত ম্যাচ গড়ায় টাইব্রেকারে। শেষ পর্যন্ত ২-০ ব্যবধানে জয় পেয়ে জেসিএলের প্রথম আসরের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে প্যাকেজ ফনিক্স। জেসিএলের প্রথম আসরে কিট স্পন্সর হিসেবে ছিল ম্যাক সিভিল অ্যান্ড আর্কিটেকচারাল সলিউশন।
টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এ সময় আয়োজক, অংশগ্রহণকারী সাংবাদিক ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।