সময়ক্ষেপণ ঠেকাতে ফুটবলে চালু হওয়া নতুন নিয়মের কারণে প্রথমবারের মতো মাঠের বাইরে যেতে হলো নেইমার জুনিয়রকে। তবে এ ঘটনায় নেইমারের কোনো দায় ছিল না। নিয়মের বাধ্যবাধকতার কারণেই এক মিনিটের জন্য মাঠ ছাড়তে হয় সান্তোস অধিনায়ককে।
নতুন নিয়ম অনুযায়ী, ম্যাচে কোনো গোলরক্ষক চিকিৎসা নিলে খেলা শুরুর পর আউটফিল্ডের একজন খেলোয়াড়কে এক মিনিট মাঠের বাইরে থাকতে হবে। কোন খেলোয়াড়কে বাইরে পাঠানো হবে, তা ঠিক করতে কোচকে দেওয়া হবে ১০ সেকেন্ড সময়। এই সময়ের মধ্যে সিদ্ধান্ত জানাতে না পারলে দলের অধিনায়ককেই এক মিনিটের জন্য মাঠ ছাড়তে হবে।
ব্রাজিলের সিরিআর সর্বশেষ ম্যাচে ভাস্কোর বিপক্ষে ৩-০ গোলে জয় পায় সান্তোস। ম্যাচের একপর্যায়ে সান্তোসের গোলরক্ষক গ্যাব্রিয়েল ব্রাজাওকে প্রাথমিক চিকিৎসা নিতে হয়।
এরপর খেলা শুরুর আগে নির্ধারিত ১০ সেকেন্ডের মধ্যে কোনো খেলোয়াড়কে মাঠের বাইরে পাঠানোর সিদ্ধান্ত জানাতে পারেননি সান্তোস কোচ অ্যালেক্সি স্তিভাল। ফলে নিয়ম অনুযায়ী এক মিনিটের জন্য মাঠ ছাড়তে হয় অধিনায়ক নেইমারকে।
সময় নষ্টের প্রবণতা কমাতে ইংলিশ প্রিমিয়ার লিগসহ বিভিন্ন ঘরোয়া প্রতিযোগিতায় পরীক্ষামূলকভাবে এই নিয়ম চালু হয়েছে। এর কার্যকারিতা পর্যালোচনার পর নিয়মটি স্থায়ীভাবে চালু করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।