ইউরোপের ক্রিকেটে এতদিন আন্তর্জাতিক ম্যাচই ছিল মূল আকর্ষণ। এবার সেই চেনা ছবিতে যোগ হচ্ছে ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি। ফাফ ডু প্লেসি, গ্লেন ম্যাক্সওয়েল, রবিচন্দ্রন অশ্বিন ও স্টিভ স্মিথদের মতো তারকাদের নিয়ে আজ শুরু হচ্ছে ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগের প্রথম আসর।
ছয় দলের এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে রটারডাম ডকার্স ও আমস্টারডাম ফ্লেমস। নেদারল্যান্ডসের ভুরবার্গের স্পোর্টপার্ক ডুইভেস্টেইনে বাংলাদেশ সময় আজ সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে শুরু হবে ম্যাচটি।
প্রথম আসরে তিন দেশের ছয়টি দল অংশ নিচ্ছে। নেদারল্যান্ডস থেকে আমস্টারডাম ফ্লেমস ও রটারডাম ডকার্স, আয়ারল্যান্ড থেকে ডাবলিন গার্ডিয়ানস ও বেলফাস্ট উলভস এবং স্কটল্যান্ড থেকে এডিনবরা ক্যাসল রকার্স ও গ্লাসগো কসমিক খেলবে।
লিগ পর্বে প্রতিটি দল একে অপরের বিপক্ষে দুবার করে খেলবে। ফলে প্রতিটি দলের ম্যাচ হবে ১০টি করে এবং লিগ পর্বে মোট ম্যাচ ৩০টি। এরপর ১৯ সেপ্টেম্বর হবে কোয়ালিফায়ার, আর ২০ সেপ্টেম্বর ডাবলিনের মালাহাইডে অনুষ্ঠিত হবে ফাইনাল। ভুরবার্গে হবে প্রথম ১৭টি ম্যাচ।
দলগুলোর নেতৃত্বেও থাকছে বড় তারকারা। আমস্টারডাম ফ্লেমসের অধিনায়ক স্কট এডওয়ার্ডস। তাঁর দলে আছেন স্টিভ স্মিথ, টিম ডেভিড ও অজিঙ্কা রাহানে। রটারডাম ডকার্সকে নেতৃত্ব দেবেন ফাফ ডু প্লেসি, যেখানে হাইনরিখ ক্লাসেন, আনরিখ নরকিয়া ও ডেভিড ভিসার মতো ক্রিকেটার রয়েছেন।
বেলফাস্ট উলভসের দায়িত্বে গ্লেন ম্যাক্সওয়েল। তাঁর সতীর্থ হিসেবে থাকছেন ডেভন কনওয়ে, ডেভিড মিলার, পল স্টার্লিং ও ক্রিস জর্ডান। অন্যদিকে রবিচন্দ্রন অশ্বিনের নেতৃত্বে খেলবে ডাবলিন গার্ডিয়ানস। এই দলে রয়েছেন জেমস ভিন্স, ড্যারিল মিচেল, জশ লিটল ও বিজয় শঙ্কর। দলের সহমালিকদের একজন রাহুল দ্রাবিড়, আর কোচিং স্টাফে আছেন বিক্রম রাঠোর।
এডিনবরা ক্যাসল রকার্সের নেতৃত্বে মিচেল স্যান্টনার। দলে আছেন ট্রেন্ট বোল্ট, টম কারান, লরি ইভান্স ও ব্র্যান্ডন ম্যাকমুলেন। আর গ্লাসগো কসমিককে নেতৃত্ব দেবেন জর্জ মানসি। এই দলে রয়েছেন লিয়াম লিভিংস্টোন, জেসন রয়, জিমি নিশাম, কেশব মহারাজ ও লুঙ্গি এনগিডি।
লিগ পর্বের শীর্ষ দল সরাসরি ফাইনালে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় দলের লড়াই হবে কোয়ালিফায়ারে। সেই ম্যাচের জয়ী দল ফাইনালে মুখোমুখি হবে পয়েন্ট তালিকার শীর্ষ দলের। সব মিলিয়ে ইউরোপের ক্রিকেটে নতুন দর্শক, নতুন বাজার ও নতুন তারকা-সমীকরণ তৈরির সম্ভাবনা নিয়ে শুরু হচ্ছে এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট।