একসময় রোজা রেখে খেলতে চাওয়ায় দল থেকে বাদ পড়েছিলেন। সেই ঘটনাই তিন বছর পর আবারও আলোচনায় নিয়ে এসেছে জাওয়েন হাদজামকে। তবে এবার গল্পটা ভিন্ন! ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়ন ২৩ বছর বয়সী এই আলজেরিয়ান ডিফেন্ডারকে দলে ভিড়িয়েছে ৯৫ লাখ পাউন্ডে, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৫৮ কোটি টাকায়।
সুইজারল্যান্ডের ক্লাব ইয়াং বয়েজ থেকে হাদজামকে নিয়ে তাকে আধুনিক যুগের লেফট-ব্যাক হিসেবে পরিচয় করিয়ে দিয়েছে ব্রাইটন। তার গতি, আক্রমণাত্মক মানসিকতা ও বল নিয়ন্ত্রণের দক্ষতাই ক্লাবটির নজর কেড়েছে। তবে হাদজামের গল্পে সবচেয়ে আলোচিত অধ্যায়টি তিন বছর আগের। ২০২৩ সালে ফ্রান্সের ক্লাব নঁতের হয়ে খেলার সময় রমজান মাসে রোজা রাখা নিয়ে বিতর্কে জড়ান তিনি।
নঁতের তৎকালীন কোচ আঁতোয়ান কোমবুয়ারে ম্যাচের দিন খেলোয়াড়দের রোজা না রাখার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু নিজের সিদ্ধান্তে অটল ছিলেন হাদজাম। রোজা ভাঙতে রাজি না হওয়ায় রাঁসের বিপক্ষে ম্যাচের আগে তাকে দল থেকে বাদ দেওয়া হয়।
এরপর ২০২৪ সালে নঁতে ছেড়ে সুইজারল্যান্ডের ইয়াং বয়েজে যোগ দেন এই ফুটবলার। সেখানে নিজের পারফরম্যান্স দিয়ে ধীরে ধীরে নজর কাড়েন। সব প্রতিযোগিতা মিলিয়ে ক্লাবটির হয়ে ৯৮ ম্যাচ খেলার পর এবার পাড়ি জমালেন ইংলিশ প্রিমিয়ার লিগে।
প্যারিসে জন্ম নেওয়া হাদজাম ফ্রান্সের বয়সভিত্তিক দলে খেলেছেন। পরে বাবা-মায়ের দেশ আলজেরিয়ার হয়ে আন্তর্জাতিক ফুটবল খেলার সিদ্ধান্ত নেন। এখন পর্যন্ত আলজেরিয়ার জার্সিতে ২১ ম্যাচ খেলেছেন তিনি। সর্বশেষ বিশ্বকাপেও খেলেছেন ৩ ম্যাচ।
তিন বছর আগে যে সিদ্ধান্তের কারণে দল থেকে বাদ পড়েছিলেন, সেই ঘটনাই এখন তার ক্যারিয়ারের নতুন অধ্যায়ের সঙ্গে আবার সামনে এসেছে। রোজা না ভাঙার সিদ্ধান্তে অটল থাকা হাদজাম আজ ১৫৮ কোটি টাকার বিনিময়ে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবে। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি নিজের বিশ্বাসে অটল থাকার গল্পটিও তাই তাকে আলাদা করে আলোচনায় এনেছে।