চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুমে মূল লড়াই শুরুর আগে এবার সামনে ড্রয়ের পালা। বাছাইপর্বের প্লে-অফের সব হিসাব শেষ হওয়ায় আজ রাতেই জানা যাবে লিগ পর্বে কোন দল কার মুখোমুখি হবে। আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) বাংলাদেশ সময় রাত ১০টায় মোনাকোর গ্রিমালদি ফোরামে অনুষ্ঠিত হবে রোমাঞ্চকর এই ড্র।
গত দুবারের মতো এবারও থাকছে না আলাদা কোনো গ্রুপ। লিগ পর্বে প্রতিটি দল খেলবে আটটি ভিন্ন দলের বিপক্ষে। উয়েফার কো-এফিশিয়েন্ট র্যাঙ্কিং অনুযায়ী দলগুলোকে ভাগ করা হবে চারটি পটে।
ড্রয়ের পদ্ধতিটাও এবার বেশ আলাদা। প্রথমে প্রথম পট থেকে হাতে করে একটি দলের নামের বল তোলা হবে। এরপর বিশেষ সফটওয়্যার নির্ধারণ করবে সেই দলের আট প্রতিপক্ষ এবং কোন ম্যাচটি ঘরের মাঠে, আর কোনটি প্রতিপক্ষের মাঠে হবে।
এরপর একইভাবে ধাপে ধাপে অন্য দলগুলোর প্রতিপক্ষও নির্ধারিত হবে। প্রতিটি দল চার পট থেকেই দুটি করে প্রতিপক্ষ পাবে। তবে একই দেশের দুই ক্লাব একে অপরের বিপক্ষে খেলতে পারবে না। পাশাপাশি কোনো দল একই দেশের সর্বোচ্চ দুটি ক্লাবের মুখোমুখি হতে পারবে।
ঘরোয়া লিগের পারফরম্যান্সের ভিত্তিতে ২৯টি দল সরাসরি লিগ পর্বে জায়গা পেয়েছে। বাকি সাতটি জায়গা এসেছে বাছাইপর্ব থেকে। প্লে-অফের শেষ ধাপ পেরিয়ে সেই তালিকা পূর্ণ হয়েছে।
সরাসরি লিগ পর্বে জায়গা পাওয়া দলগুলোর মধ্যে রয়েছে আর্সেনাল, ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড, অ্যাস্টন ভিলা, লিভারপুল, বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, ভিয়ারিয়াল, আতলেতিকো মাদ্রিদ, রিয়াল বেতিস, ইন্টার মিলান, নাপোলি, রোমা, কোমো, বায়ার্ন মিউনিখ, বরুসিয়া ডর্টমুন্ড, লাইপজিগ, স্টুটগার্ট, পিএসজি, লাঁস, লিল, পোর্তো, স্পোর্তিং সিপি, পিএসভি, ফেইনউর্ড, ব্রুগা, গালাতাসারাই, শাখতার ও স্লাভিয়া প্রাগ।
অন্যদিকে প্লে-অফ থেকে লিগ পর্বে জায়গা নিশ্চিত করেছে বা লড়াইয়ে থাকা দলগুলোর মধ্যে আছে সাবাহ, বোডো/গ্লিমট, লাস্ক, এইকে এথেন্স অথবা লেভস্কি সোফিয়া, ভাইকিং অথবা দিনামো জাগরেব, সেলিয়ে অথবা স্লোভান ব্রাতিস্লাভা এবং লিওঁ অথবা ফেনেরবাচে।
ড্রয়ের আগে কো-এফিশিয়েন্ট র্যাঙ্কিংয়ের ভিত্তিতে কোন দল কোন পটে থাকবে, সেটিও নির্ধারিত হবে। ফলে আজকের ড্র শুধু প্রতিপক্ষের নাম জানাবে না, বরং নতুন মৌসুমে ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর পথও অনেকটাই স্পষ্ট করে দেবে।